ফাইল ছবি, আপন দেশ
চলতি মাস সেপ্টেম্বরের ১৭ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। যেখানে চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১৭৬ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাইয়ে দেশে ডেঙ্গুতে ৩৬ জন মারা গেছেন। এর পরের মাস আগস্টে ৪৩ জন এবং চলতি সেপ্টেম্বরের ১৭ দিনেই ডেঙ্গুতে ৭৯ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১৭৬ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ৮৪ জন মারা গেছেন। এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৩২ জন ছাড়াও ময়মনসিংহ বিভাগে ১৮, চট্টগ্রাম বিভাগে ১৬, বরিশাল বিভাগে ১৩, রাজশাহী বিভাগে ৮, রংপুর বিভাগে ৪ এবং সিলেট বিভাগে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন<<>>ডেঙ্গুর থাবায় আরও ৭ জনের মৃত্যু
স্বাস্থ্য অধিদফতার জানিয়েছে, গত একদিনে শুধু ঢাকা উত্তর সিটি করপোরেশনেই ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এ সময়ে রংপুর বিভাগে ডেঙ্গুতে আরও একজনের প্রাণহানি হয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে সবচেয়ে বেশি (২৫২ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়াও উল্লেখিত সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৭ জন ছাড়াও বরিশাল বিভাগে ২১১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৭, চট্টগ্রাম বিভাগে ১৯২, ঢাকা বিভাগে ১৯০, রাজশাহী বিভাগে ১০২, ময়মনসিংহ বিভাগে ৬৪, রংপুর বিভাগে ৩৫ ও সিলেট বিভাগে ডেঙ্গু নিয়ে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রতিবেদনে জানানো হয়, দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ১৭৬ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে ১ হাজার ৪৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আপন দেশ/এসআর





































