Apan Desh | আপন দেশ

অভিনেত্রী এলিনা শাম্মী ব্যাটারিচালিত অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:২১, ৩ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৪:২৯, ৩ সেপ্টেম্বর ২০২৬

অভিনেত্রী এলিনা শাম্মী ব্যাটারিচালিত অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত

ছবি: সংগৃহীত

ব্যাটারিচালিত অটোরিকশা দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেত্রী এলিনা শাম্মী। দুর্ঘটনায় তার কপাল ও মাথার সামনের অংশে গুরুতর আঘাত লাগে। 

পরে হাসপাতালে চিকিৎসা নেয়ার পর ১৫টি সেলাই দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি নিজেই।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুটি ছবি প্রকাশ করে দুর্ঘটনার বিস্তারিত জানান এলিনা শাম্মী। ছবিতে তার কপালে ব্যান্ডেজ দেখা যায়। 

অভিনেত্রী জানান, বৃহস্পতিবার নির্মাতা সাজ্জাদ সুমনের ‘খুশবু’ ধারাবাহিকের শুটিং ছিল। এর আগের দিন সন্ধ্যায় শুটিংয়ের জন্য প্রয়োজনীয় কয়েকটি জিনিস কিনতে বাইরে বের হয়েছিলেন তিনি। এ সময় অটোরিকশায় ওঠেন।

অটোরিকশায় উঠলে সবসময় এক ধরনের অস্থিরতা কাজ করে বলে জানান এলিনা শাম্মী। তাই চালককে সতর্ক করে বারবার মামা আস্তে যান বলছিলেন তিনি। দুর্ঘটনার দিনও এর ব্যতিক্রম হয়নি। এমনকি একপর্যায়ে উচ্চস্বরে চালককে ধীরে চালানোর জন্য অনুরোধ করেন। তবে তার কথায় কর্ণপাত না করে চালক দ্রুতগতিতে অটোরিকশা চালাচ্ছিলেন।

আরও পড়ুন: স্বস্তিকার আন্তরিকতায় মুগ্ধ ঐন্দ্রিলা, প্রশংসায় পঞ্চমুখ

একপর্যায়ে একটি পাথর বা ইটজাতীয় কিছু অটোরিকশার সরু চাকার নিচে পড়ে যায়। এতে ভারসাম্য হারিয়ে চালক একদিকে ছিটকে পড়েন। আর এলিনা শাম্মী ছিটকে রাস্তায় পড়ে যান এবং অটোরিকশাটি তার ওপর পড়ে যায়। দুর্ঘটনায় অটোরিকশার চাকার একটি স্ক্রু তার কপাল চিরে দেয় এবং মাথার সামনের অংশে আঘাত লাগে। 

প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল জানিয়ে অভিনেত্রী বলেন, পরিস্থিতি এমন ছিল যেন কাঁচের জার ভেঙে পানি বের হচ্ছে।

আহত অবস্থায় নিজের হ্যান্ডব্যাগ হাতে নিয়ে অন্য একটি রিকশায় করে হাসপাতালে যান এলিনা শাম্মী। সেখানে চিকিৎসা নেয়ার পর দুটি গুরুতর আহত স্থানে ১৫টি সেলাই দেয়া হয়। 

দুর্ঘটনার পর অটোরিকশাকে ‘মৃত্যুফাঁদ’ হিসেবে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। তিনি প্রশ্ন তুলেছেন, এভাবে এ ‘দানব বাহন’ রাস্তায় চলতে থাকবে কি না এবং এর কারণে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতির দায় কে নেবে।

তবে দুর্ঘটনার পর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলিনা শাম্মী। তিনি বলেন, আল্লাহ জীবন ভিক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আরও কঠিন কিছু ঘটার সম্ভাবনা ছিল।

সবশেষে নিজের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এ অভিনেত্রী। 

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়