Apan Desh | আপন দেশ

সাইফকে হামলার মামলায় নতুন মোড়

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৫৩, ২৯ আগস্ট ২০২৬

সাইফকে হামলার মামলায় নতুন মোড়

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা সাইফ আলি খানের বান্দ্রার বাড়িতে হামলা হয়। এ ঘটনায় দায়ের করা মামলা নতুন মোড় নিয়েছে। ঘটনার প্রায় দেড় বছর পর মামলার অভিযুক্ত শরিফুল ইসলাম দোষ স্বীকার করার ইচ্ছা প্রকাশ করেছেন। একই সঙ্গে আদালতে দয়া প্রার্থনা করে আবেদন করেছেন তিনি।

শুক্রবার (২৮ আগস্ট) আদালতে হাজির হয়ে শরিফুল ইসলাম দোষ স্বীকারের ইচ্ছা প্রকাশ করেন। ক্ষমা প্রার্থনার আবেদনও জানান তিনি। এ মামলায় তিনি বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, শরিফুল ইসলাম দোষ স্বীকার করে আদালতে একটি আবেদন করেছেন। আদালত তার আবেদনের বিষয়ে সরকারি কৌঁসুলির জবাব চেয়েছেন। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১১ সেপ্টেম্বর।

এ মামলায় অতিরিক্ত দায়রা জজ জিপি দেশমুখ শরিফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। তার বিরুদ্ধে মারাত্মক অস্ত্রসহ ডাকাতি, গুরুতর আঘাত এবং বাড়িতে অনধিকার প্রবেশের অভিযোগ আনা হয়েছে।

এছাড়া বিদেশি আইন ও পাসপোর্ট (ভারতে প্রবেশ) বিধিমালার সংশ্লিষ্ট ধারাতেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

২০২৫ সালের ১৬ জানুয়ারি সাইফ আলি খানের বান্দ্রার বাড়িতে হামলার ঘটনাটি প্রকাশ্যে আসে। অভিযোগ অনুযায়ী, শরিফুল ইসলাম অভিনেতার বাড়িতে জোর করে প্রবেশ করে হামলা চালিয়ে পালিয়ে যান।

আরও পড়ুন <<>> নেপালে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অপু 

অভিযোগপত্র অনুযায়ী, শরিফুল ইসলাম বাথরুম দিয়ে সাইফের ছোট ছেলে জেহের ঘরে প্রবেশ করেন। সন্তানদের রক্ষা করতে সাইফ সেখানে গেলে শরিফুল তাকে ছুরি দিয়ে আঘাত করেন। পরে তিনি পালিয়ে যান।

হামলায় সাইফ আলি খান গুরুতর আহত হন। তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার সময় তার শরীর থেকে ছুরির একটি ভাঙা অংশ বের করা হয়। প্রায় পাঁচ দিন হাসপাতালে চিকিৎসা নেয়ার পর তিনি বাড়ি ফেরেন।

সে ঘটনায় দায়ের করা মামলায় এবার দোষ স্বীকারের ইচ্ছা প্রকাশ করলেন অভিযুক্ত শরিফুল ইসলাম। তার আবেদনের পর আদালতের পরবর্তী পদক্ষেপের দিকে এখন নজর রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়