ছবি : সংগৃহীত
বলিউড সুপারস্টার সালমান খানের নতুন সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। ভামশি পেইডিপল্লি পরিচালিত ও দিল রাজু প্রযোজিত সালমানের বহুল প্রতীক্ষিত সিনেমাটির নাম হতে যাচ্ছে ‘মনস্টার’।
সিনেমাটি নির্মাণের শুরুতে ‘এসভিসিসিক্সথ্রি’ নামে পরিচিত ছিল। তবে এখন ‘মনস্টার’ নামেই সিনেমাটি দর্শকদের সামনে আসতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে। যদিও এ বিষয়ে এখনো নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, সিনেমাটির শুটিংয়ে সালমান খান নিজের অ্যাকশন দৃশ্যের বড় একটি অংশ নিজেই করছেন। এর পেছনে রয়েছে একটি বিশেষ কারণ। সালমানের বডি ডাবল হিসেবে কাজ করা এক ব্যক্তি শুটিং চলাকালে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর অভিনেতা নিজেই আরও বেশি স্টান্ট করার দায়িত্ব নিয়েছেন।
সালমান বর্তমানে সিনেমাটির কাজে পুরোপুরি মনোযোগী। শুটিংয়ের গতি যেন কোনোভাবেই থেমে না যায়, সে বিষয়েও তিনি গুরুত্ব দিচ্ছেন।
‘মনস্টার’ সালমান খানের ক্যারিয়ারে বেশ কয়েকটি কারণে বিশেষ হতে যাচ্ছে। ভামশি পেইডিপল্লির সঙ্গে এটাই তার প্রথম সিনেমা। একইভাবে প্রযোজক দিল রাজুর প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গেও প্রথমবারের মতো কাজ করছেন বলিউডের ‘ভাইজান’।
এ সিনেমার মাধ্যমে প্রথমবার দক্ষিণী তারকা নয়নতারার সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন সালমান খান। ফলে দুই তারকার জুটি নিয়েও দর্শকদের মধ্যে ইতোমধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।
আরও পড়ুন: কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’
সিনেমাটিতে সালমান ও নয়নতারার পাশাপাশি সাগরিকা ঘাটগে, মুজাম্মিল ইব্রাহিমসহ আরও কয়েকজন অভিনয়শিল্পী থাকছেন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































