অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত
বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তিনি হাসপাতালে ভর্তি আছেন। তবে গুঞ্জন শেষ পর্যন্ত ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে।
গত ১৬ মে থেকে তিনি হাসপাতালে ভর্তি আছেন— এমন দাবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রথমে এ তথ্য প্রকাশ করেন বলিউডের আলোচিত বিনোদন সাংবাদিক ভিকি লালওয়ানি। তিনি দাবি করেছিলেন, অমিতাভের পেটে সমস্যা দেখা দিয়েছে এবং ছেলে অভিষেক বচ্চন তাকে দেখতে হাসপাতালে গেছেন। এরপরই ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
৮৩ বছর বয়সী এ অভিনেতাকে ঘিরে যেকোনো খবরই মুহূর্তে আলোচনায় চলে আসে। মঙ্গলবার (১৯ মে) রাতেও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, অমিতাভ নাকি হাসপাতালে ভর্তি। এতে উদ্বিগ্ন হয়ে পড়েন তার কোটি ভক্ত-অনুরাগী।
তবে পরদিন সকালেই সামনে আসে ভিন্ন তথ্য। ভারতের একাধিক সংবাদমাধ্যম জানায়, গত শনিবার নানাবতি হাসপাতালে গিয়েছিলেন অমিতাভ বচ্চন। তবে সেটি ছিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা তাকে বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেন। তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়নি।
বচ্চন পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি কেবল রুটিন চেকআপ করাতে হাসপাতালে গিয়েছিলেন এবং সব পরীক্ষা শেষে বাড়ি ফিরে আসেন।
এদিকে রোববারও মুম্বাইয়ের বাসভবন জলসার বাইরে ভক্তদের শুভেচ্ছা জানাতে দেখা যায় তাকে। পরে নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন স্থানে যেতে দেখা গেছে। এতে হাসপাতালে ভর্তি থাকার গুঞ্জন আরও দুর্বল হয়ে পড়ে।
আরও পড়ুন <<>> হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত ডিজে সনিকা
বুধবার (২০ মে) ভোরে নিজের ব্লগে একটি পোস্ট করে ভক্তদের আশ্বস্ত করেন অমিতাভ বচ্চন। বরাবরের মতো রসিক ভঙ্গিতে তিনি লেখেন, যখন ঈগল চুপ থাকে, তখন টিয়া পাখিরা বেশি কথা বলতে শুরু করে। আমি তো শান্তিতে বাজরার রুটি আর ভাজা সবজি খেয়ে নিলাম। আর এদিকে কাকের দল নানা কথা বলেই যাচ্ছে।
তিনি আরও লেখেন, রাত শেষ হলেও অনেক সময় তার ঘুম আসে না। চিকিৎসাবিজ্ঞানের মতে একজন মানুষের অন্তত সাত ঘণ্টা ঘুম প্রয়োজন হলেও কাজের ব্যস্ততায় তা সবসময় সম্ভব হয় না।
ঘুম না এলে কী করেন, সেটিও জানিয়েছেন এ অভিনেতা। গভীর রাতে সেতার ও স্লাইড গিটারের ধীরলয়ের সংগীত শুনে সময় কাটান বলে জানান তিনি।
অমিতাভের এ পোস্ট দেখার পর স্বস্তি প্রকাশ করেছেন ভক্তরা। অনেকেই মন্তব্য করেছেন, গুজবের মধ্যেও তিনি আগের মতোই প্রাণবন্ত ও স্বাভাবিক আছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































