প্রার্থনা ফারদিন দীঘি: ফাইল ছবি
একটি বিজ্ঞাপনে শিশুশিল্পী হিসেবে অভিনয় করে আকাশচুম্বী জনপ্রিয়তা পান অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। বিগত বছরে বেশ কয়েকটি ছবিতে কাজ করে নজর কাড়েন তিনি। গত বছরের ঈদের আলোচিত সিনেমা ‘জংলি’ তে তার অভিনয় বেশ প্রশংসিত হয়। এবার আসন্ন ঈদুল আজহায় তিনি ফিরছেন নতুন সিনেমা ‘বিদায়’ নিয়ে।
মেহেদী হাসান পরিচালিত এই ছবিটি শ্যুটিং শুরুর পর থেকেই ছিল আলোচনার কেন্দ্রে। চলতি বছরের ঈদুল ফিতরে ছবিটি মুক্তির পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় মুক্তি পিছিয়ে যায়। তবে এবারের ঈদুল আজহায় ‘বিদায়’ মুক্তি প্রায় নিশ্চিত। খুব শিগগির ছবিটির বাকি অংশের শ্যুটিং শুরু হবে।
ছবিটি প্রসঙ্গে দীঘি জানান, এখনও কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং বাকি রয়েছে, যা মালয়েশিয়ায় ধারণ করা হবে। পাশাপাশি একটি গানের কাজও অসম্পূর্ণ। শিগগিরই শুটিংয়ের সময়সূচি চূড়ান্ত হবে বলে জানান তিনি। তার ভাষ্য, ভিন্নধর্মী একটি গল্পে নির্মিত হচ্ছে ছবিটি, যা দেশীয় চলচ্চিত্রে খুব বেশি দেখা যায় না।
জানা গেছে, বিদায়–এ প্রচলিত নায়ককেন্দ্রিক ধারা নেই; বরং গল্পই এখানে মূল চালিকা শক্তি। এতে দীঘির সঙ্গে অভিনয় করেছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ ও ফজলুর রহমান বাবু।
আরও পড়ুন<<>>তৃতীয়বার তানিয়া বৃষ্টির মাথায় অস্ত্রোপচার
ছবিটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে দীঘি বলেন, এটি এমন একটি গল্প যা শুধু দেখেই শেষ হবে না, বরং দর্শকের মনে দীর্ঘ সময় ধরে প্রভাব রাখবে। আবেগ ও বাস্তবতার মিশেলে তৈরি এ সিনেমায় দর্শক নিজের জীবনের প্রতিফলনও খুঁজে পাবে বলে তিনি মনে করেন। পরিবার নিয়ে উপভোগ করার মতো একটি কাজ হিসেবেই তিনি একে দেখছেন।
প্রযোজকের কথায়, এ সিনেমায় আলাদা করে কোনো নায়ক নেই—গল্পই আসল নায়ক। এটি একটি মানবিক ও সচেতনতামূলক চলচ্চিত্র, যা সব শ্রেণির দর্শকের জন্য উপযোগী।
এদিকে বিদায়–এর পাশাপাশি আরেকটি প্রজেক্ট নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন দীঘি। পরিচালক সুমন ধরের একটি ওয়েব সিনেমার শুটিং ইতোমধ্যে শেষ করেছেন তিনি। সেটিও আসন্ন ঈদুল আজহায় মুক্তির সম্ভাবনা রয়েছে।
দীঘি অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো, ‘তুমি আছো তুমি নেই’, ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’, ‘শেষ চিঠি মুজিব:একটি জাতির রূপকার’, ‘শ্রাবণ জ্যোৎস্নায়’, ‘জংলি’।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































