ইব্রাহিম আহমেদ কমল। ফাইল ছবি
বাংলাদেশের কিংবদন্তি ব্যান্ড ওয়ারফেজ যখন বিশ্ব সফরে ব্যস্ত, ঠিক তখনই উঠে এলো এক অপ্রত্যাশিত ঘটনা। ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সদস্য ও লিড গিটারিস্ট ইব্রাহিম আহমেদ কমল মার্কিন যুক্তরাষ্ট্র সফর থেকে ছিটকে গেছেন। তার ভিসা বাতিলের পেছনে মূল কারণ হিসেবে মনে করা হচ্ছে ফিলিস্তিনের পক্ষে তার প্রকাশ্য অবস্থান।
সম্প্রতি সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে কমল জানিয়েছেন, ২০২৪ সালে ব্যান্ডের যুক্তরাষ্ট্র সফরের জন্য তিনি ভিসার আবেদন করেছিলেন। তবে অন্যান্য সদস্যরা ভিসা পেলেও তার আবেদন বাতিল করে মার্কিন দূতাবাস। এ সিদ্ধান্তে তিনি কোনো আক্ষেপ প্রকাশ করেননি। ফেসবুকে কমল লিখেছেন, আমি যে আমেরিকা আগে দেখেছি, সে আমেরিকা আর নেই। আমার কাছে দেশটা এখন শুধু পড়াশোনার জায়গা।
আরও পড়ুন <<>> মেয়ের বিরল রোগ নিয়ে প্রকাশ্যে কথা বললেন বরুণ ধাওয়ান
কেবল ভিসা প্রত্যাখ্যানই নয়, নিজের অবস্থান নিয়েও কমল স্পষ্ট। তিনি ফিলিস্তিনের পক্ষে কথা বলার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন অনেকে। তবে বিষয়টি নিয়ে কোনো আপস করতে নারাজ তিনি। কমল বলেন, আমি মানবতায় বিশ্বাসী। যেখানে ‘ফ্রি প্যালেস্টাইন’ বলা যাবে না, সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এমনকি যুক্তরাষ্ট্রে শো করার প্রয়োজনও তিনি অনুভব করছেন না।
ওয়ারফেজ চার দশকের বেশি সময় ধরে বাংলা ব্যান্ড সংগীতে প্রভাব রেখেছে। ৪০ বছর পূর্তি উপলক্ষে তারা আয়োজন করেছে ‘ফোরটি ইয়ার্স লিগ্যাসি কনসার্ট ট্যুর’, যার অংশ হিসেবে বিভিন্ন দেশে পারফর্ম করছেন সদস্যরা। যুক্তরাষ্ট্র সফরের অনিশ্চয়তা থাকলেও, কানাডায় কনসার্ট করার পরিকল্পনা রয়েছে। কমল জানিয়েছেন, তিনি নিজের অবস্থান থেকে সরে না এসে দেশেই থেকে সংগীতচর্চা চালিয়ে যাবেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































