Apan Desh | আপন দেশ

কিংবদন্তি শিল্পী উইলি কোলন আর নেই

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২১:১১, ২২ ফেব্রুয়ারি ২০২৬

কিংবদন্তি শিল্পী উইলি কোলন আর নেই

উইলি কোলন

নিউইয়র্কের সালসা আন্দোলনের অন্যতম পথিকৃৎ বিশ্বখ্যাত সংগীতশিল্পী উইলি কোলন মারা গেছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে ৭৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মার্কিন বিনোদনবিষয়ক সাময়িকী ভ্যারাইটি তার মৃত্যুর খবরটি প্রকাশ করেছে।

শিল্পীর পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া বিবৃতিতে জানানো হয়, প্রিয়জনদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবেই বিদায় নিয়েছেন এ কিংবদন্তি। একই সঙ্গে শোকের এ সময়ে পরিবারের গোপনীয়তা রক্ষার আহবানও জানানো হয়।

উইলি কোলন ১৯৫০ সালে নিউইয়র্কের ব্রঙ্কসে জন্মগ্রহণ করেন। মাত্র ১৬ বছর বয়সে ‘এল মালো’ অ্যালবামের মাধ্যমে সংগীত জগতে তার যাত্রা শুরু হয়। ল্যাটিন সংগীতকে বিশ্বব্যাপী জনপ্রিয় করতে তার ব্যাপক অবদান ছিল।

কণ্ঠশিল্পী হেক্টর লাভো–এর সঙ্গে তার জুটি ল্যাটিন সংগীতকে বিশ্বমঞ্চে বিপুল পরিচিতি এনে দেয়। ১৯৬৯ সালে প্রকাশিত ‘চে চে কোলি’ সালসা সংগীতের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বিবেচিত। দীর্ঘ সংগীতজীবনে তিনি কাজ করেছেন রুবেন ব্লেডস ও সেলিয়া ক্রুজের মতো কিংবদন্তি শিল্পীদের সঙ্গে।

ক্যারিয়ারে ৪০টিরও বেশি অ্যালবাম প্রকাশ করেছেন কোলন; বিশ্বজুড়ে বিক্রি হয়েছে ৮০ লাখের বেশি রেকর্ড। আটবার গ্র্যামি মনোনয়ন পাওয়া এই শিল্পী অর্জন করেছেন একাধিক প্লাটিনাম ও গোল্ড রেকর্ড। এছাড়া জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘মিয়ামি ভাইস’ ও চলচ্চিত্র ‘দ্য লাস্ট ফাইট’-এ অভিনয় করেছেন তিনি।

শোবিজের বাইরেও উইলি কোলন ছিলেন একজন সক্রিয় সমাজকর্মী ও রাজনৈতিক সংগঠক। ল্যাটিনো জনগোষ্ঠীর অধিকার আদায়ে তিনি সোচ্চার ভূমিকা রেখেছেন ও নিউইয়র্কের রাজনীতিতেও সম্পৃক্ত ছিলেন। এমন এক কিংবদন্তির মৃত্যুতে ল্যাটিন সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।  সূত্র: ভ্যারাইটি 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়