ছবি: আপন দেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখতে দিয়ে হেনস্তার শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছয় শিক্ষার্থী। ঢাকসু সমাজসেবা সম্পাদক শিবির নেতা সাজু মিয়া তাদের হেনস্থা করেছেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা। ভুক্তভোগীদের মধ্যে একজন নারীও ছিলেন।
এ ঘটনার প্রতিবাদে রোববার (২৮ জুন) সকালে হলের মাঠে গিয়ে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ দেখেছেন বিশ্ববিদ্যালয়ের একদল নারী শিক্ষার্থী।
শুক্রবার (২৬ জুন) রাতে হলের মাঠে খেলা দেখতে যাওয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ছয় শিক্ষার্থী। এ সময় তাদের হেনস্তা করে হল থেকে বের করে দেয়া হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ তদন্তে একজন সহকারী প্রক্টরকে দায়িত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অভিযোগকারী সাবেক শিক্ষার্থীদের একজন মুহতাসিন বিল্লাহ ইমন বলেন, শুক্রবার রাতে নরওয়ে-ফ্রান্সের ম্যাচ দেখতে তারা ছয়জন শহীদুল্লাহ হলে যান। হলের রেজিস্টারে নাম লিখে বৈধভাবে প্রবেশ করার পরও হলের কয়েকজন শিক্ষার্থী তাদের ঘিরে ধরে মাঠ ছেড়ে যেতে চাপ দেন। তাদের সঙ্গে থাকা এক নারীকে নিয়ে আপত্তিকর মন্তব্যও করা হয়। অভিযুক্তদের মধ্যে হল সংসদের সমাজসেবা সম্পাদক ও শিবির নেতা সাজু মিয়া ছিলেন বলে অভিযোগ করেন তিনি।
ইমন আরও বলেন, তাদের সঙ্গে থাকা এক ব্যক্তি জানালে যে ওই নারী তার স্ত্রী, তারপরও তাদের চলে যেতে বলা হয়। পরে হল সংসদের সাধারণ সম্পাদক তৌকির হাসান ঘটনাস্থলে এসে দুঃখ প্রকাশ করেন এবং লিখিত অভিযোগ দেয়ার পরামর্শ দেন।
আরও পড়ুন<<>>তৃতীয় হয়েও নকআউটে স্থান পেল যে ৮ দল
তবে অভিযোগ অস্বীকার করেছেন সাজু মিয়া। তিনি বলেন, গভীর রাতে একজন নারীকে নিয়ে ছেলেদের আবাসিক হলের মাঠে অবস্থান করায় তাদের ভদ্রভাবে চলে যেতে বলা হয়েছিল। কাউকে হেনস্তা করা হয়নি এবং ওই নারীর সঙ্গে তিনি কোনো কথাই বলেননি।
ঘটনার পর শনিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীরা। একই ঘটনায় হল প্রাধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে হল শাখা ছাত্রদল। পাশাপাশি বিবৃতি দিয়ে ঘটনার নিন্দা জানিয়েছে বিপ্লবী ছাত্র মৈত্রী।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তে একজন সহকারী প্রক্টরকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এদিকে রোববার সকালে ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা শহীদুল্লাহ হলের মাঠে বসে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ দেখেন। কর্মসূচিতে অংশ নেন কবি সুফিয়া কামাল হল সংসদের সহসভাপতি (ভিপি) সানজানা চৌধুরী রাত্রীসহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা। ম্যাচ শেষে তারা প্রক্টর কার্যালয়ে স্মারকলিপি দেন।
শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সাবেক শিক্ষার্থীকে হল থেকে বের করে দেয়ার কোনো এখতিয়ার হল সংসদের নেই। এ ধরনের সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব হল প্রশাসনের। বর্তমান বা সাবেক শিক্ষার্থীদের প্রবেশের বিষয়ে আলাদা কোনো নির্দেশনা দেয়া হয়নি বলেও জানান তিনি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































