Apan Desh | আপন দেশ

ডাকসু থেকে সর্বমিত্র চাকমার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:০৪, ২৬ জানুয়ারি ২০২৬

ডাকসু থেকে সর্বমিত্র চাকমার পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠে লাঠি হাতে নিয়ে কিশোরদের কান ধরিয়ে উঠবস করান ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। এ ঘটনার দায় স্বীকার করে তিনি পদত্যাগ ঘোষণা দিয়েছেন।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২ ফেসবুক গ্রুপে দেয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

পোস্টে সর্বমিত্র চাকমা বলেন, শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠটি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যবহারের জন্য নির্ধারিত হলেও দীর্ঘদিন ধরে সেখানে বহিরাগতদের অবাধ অনুপ্রবেশ চলছিল। এতে নারী শিক্ষার্থীদের হয়রানি, মোবাইল ফোন, মানিব্যাগ ও সাইকেল চুরির মতো ঘটনার অভিযোগ উঠেছে। যা শিক্ষার্থীদের নিরাপত্তা ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশের জন্য গুরুতর হুমকি তৈরি করেছে।

তিনি অভিযোগ করেন, এসব বিষয়ে শিক্ষার্থীরা বারবার প্রশাসনকে জানালেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি। শারীরিক শিক্ষা কেন্দ্র এখনো সিসি ক্যামেরার আওতায় আনা হয়নি, নিরাপত্তা জোরদার করা হয়নি এবং বহিরাগতদের প্রবেশ ঠেকাতে দৃশ্যমান পদক্ষেপও দেখা যায়নি।

সর্বমিত্র চাকমা পোস্টে লেখেন, নিয়মিতভাবে বহিরাগতরা ঢাকা মেডিকেল কলেজের বিপরীত পাশের দেয়াল টপকে মাঠে প্রবেশ করছিল। নিষেধ করা হলে তারা তা অমান্য করে উল্টো স্টাফদের লক্ষ্য করে ঢিল ছুড়ে পালিয়ে যায়। যা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে।

আরও পড়ুন <<>> রাবির নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা

এমন পরিস্থিতিতে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে গিয়ে তিনি একপর্যায়ে তাদের কান ধরে উঠবস করাতে বাধ্য হন বলে জানান সর্বমিত্র চাকমা।

তবে তিনি উল্লেখ করেন, এ ধরনের আচরণ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এজন্য তিনি নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করেছেন।

পোস্টে তিনি আরও বলেন, আমি মনে করি, শিক্ষার্থীরা যে প্রত্যাশা নিয়ে আমাকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন, তা পূরণ করতে পারিনি। প্রশাসনিক ব্যর্থতা ও নিরাপত্তাহীনতার দায় মাথায় নিয়েই আমি ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এটি আমার সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত, কারও প্রতি ক্ষোভ বা অভিমান থেকে নয়।

এর আগে রোববার (২৫ জানুয়ারি) ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সদস্য সর্বমিত্র চাকমাকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে অবৈধ অনুপ্রবেশের দায়ে একদল কিশোরকে কান ধরিয়ে উঠবস করানোর দৃশ্য দেখা যায়।

এ ভিডিও ছড়িয়ে পড়ার পর সমালোচনার মুখে পড়েন তিনি। এছাড়া নানা সময়ে প্রক্টরিয়াল টিমের ভূমিকায় অবতীর্ণ হয়ে বহিরাগত অভিযোগে উচ্ছেদ অভিযানে সমালোচিত হন তিনি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

City Touch