ছবি : আপন দেশ
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মেয়াদপূর্তির বিমা দাবি পরিশোধ না করার অভিযোগ উঠেছে। কোম্পানিটির এক কর্মীর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ এনে মানববন্ধন ও বাড়ি ঘেরাও করেছেন বিক্ষুব্ধ গ্রাহকরা।
ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের চরমুঘুয়া গ্রামের বিমাকর্মী সাইফুল ইসলামের বাড়িতে কয়েক বছর ধরে বিভিন্ন সময়ে এ ধরনের কর্মসূচি পালন করছেন তারা। সবশেষ শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সাইফুলের বাড়িতে অবস্থান নেন গ্রাহকরা।
এর আগে গত ২১ আগস্টও সেখানে মানববন্ধন করেন তারা।
ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, সাইফুল ইসলাম চরমুঘুয়াসহ আশপাশের বিভিন্ন এলাকার নারী-পুরুষকে মাসিক সঞ্চয় বিমাসহ বিভিন্ন মেয়াদের পলিসি করিয়েছেন। কিন্তু অনেক গ্রাহকের পলিসির মেয়াদ কয়েক বছর আগে শেষ হলেও তারা এখনো দাবি পরিশোধের টাকা পাননি।
গ্রাহকদের অভিযোগ, বিমা করার সময় টাকা উত্তোলনে সহযোগিতার আশ্বাস দিলেও পরে সাইফুল তাদের হয়রানি করেন।
আরও পড়ুন : আইওটি প্রযুক্তিতে পেঁয়াজ সংরক্ষণে ক্ষতি কমবে ১৫–১৬ শতাংশ
কেউ কেউ দাবি করেন, অফিসে নিয়ে যাওয়ার কথা বলে তাদের কাছ থেকে অতিরিক্ত এক-দুই হাজার টাকা নেয়া হয়।
লিপি আক্তার, শেফালি বেগম, বিউটি আক্তার ও হোসনেয়ারা বেগমসহ ফারইস্টের কয়েকজন গ্রাহক বিমার নথি দেখান। তারা বলেন, সাইফুলের প্রলোভনে একটি পরিবারে দুই-তিনটি পর্যন্ত পলিসি করা হয়েছিল। মেয়াদ শেষ হওয়ার পরও তিনি কোনো সহযোগিতা করছেন না।
লিপি আক্তার বলেন, প্রলোভন দেখিয়ে আমার চারটি পলিসি করানো হয়েছে। ১০ বছর কষ্ট করে টাকা দেয়ার পর মেয়াদ শেষ হয়েছে। কিন্তু দুই বছর পার হলেও বিমার টাকা পাচ্ছি না।
রহিমা বেগমের অভিযোগ, মেয়াদ পূর্ণ হওয়ার পর টাকা চাইতে গেলে কোম্পানির লোকজন উল্টো ঘুস দাবি করছেন।
তবে অভিযোগ অস্বীকার করে সাইফুল ইসলাম জানান, উপস্থিত অনেকেই তার গ্রাহক নন এবং অনেকের পলিসির মেয়াদও শেষ হয়নি।
তিনি বলেন, ফারইস্ট ইসলামী লাইফের অভ্যন্তরীণ আর্থিক সংকটের কারণে কোম্পানি বর্তমানে টাকা দিতে পারছে না। এতে আমার কী করার আছে।
এদিকে, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) জানিয়েছে, ফারইস্ট ইসলামী লাইফের দীর্ঘদিনের বকেয়া দাবি পরিশোধের কার্যক্রম শুরু হয়েছে। গত ৩০ আগস্ট থেকে ৫২৩ জন গ্রাহককে মোট ৫ কোটি ৪২ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। তবে সব বকেয়া দাবি এখনো নিষ্পত্তি হয়নি। অবশিষ্ট দাবি পর্যায়ক্রমে পরিশোধের কার্যক্রম চলছে।
এদিকে, গ্রাহকদের বিমা দাবি পরিশোধ, নতুন পলিসি বিক্রি বন্ধ করে দেয়াসহ সাতটি নির্দেশনা দিয়েছে আইডিআরএ।
গত ১৩ জুলাই দেয়া আইডিআরের নির্দেশনা অনুযায়ী, গত ১ আগস্ট থেকে নতুন কোনো পলিসি বিক্রি করতে পারছে না ফারইস্ট।
গ্রাহকদের দাবি, তাদের বকেয়া পাওনা দ্রুত পরিশোধের পাশাপাশি অভিযোগেরও সুষ্ঠু তদন্ত করতে হবে।
এর আগে ২০২৫ সালের ১৫ আগস্টও সাইফুলের বাড়িতে বিক্ষোভ করেন ভুক্তভোগীরা। প্রতারণার অভিযোগে কয়েকজন গ্রাহক আদালত ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) দ্বারস্থ হয়েছেন।
আপন দেশ/মিম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































