Apan Desh | আপন দেশ

বিজয়া দশমীতে বিদায় বেদনায় মিলনের সুর

রাজীব কুমার দাস, দেওয়ানগঞ্জ, জামালপুর

প্রকাশিত: ১৫:২৮, ২১ অক্টোবর ২০২৬

বিজয়া দশমীতে বিদায় বেদনায় মিলনের সুর

ছবি: আপন দেশ

শারদীয় দুর্গোৎসব বাঙালির সনাতন ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। শরতের নীল আকাশ, সাদা কাশফুল আর শিউলির সুবাসে প্রকৃতি যখন সেজে ওঠে নতুন সাজে। তখনই বাঙালির হৃদয়ে বেজে ওঠে দেবী দুর্গার আগমনী সুর। কয়েক দিনের আনন্দ, উৎসব ও মিলনমেলার পর আসে বিজয়া দশমী। আনন্দের মাঝে বিষাদের এক অনন্য দিন।

বিজয়া দশমী দেবী দুর্গার মর্ত্যলোক থেকে কৈলাসে ফিরে যাওয়ার প্রতীকী বিদায়। এদিন ভক্তরা দেবীর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তাকে বিদায় জানান। ঢাকের বোল, উলুধ্বনি, সিঁদুর খেলা এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে মুখরিত হয়ে ওঠে পূজামণ্ডপ। তবে বিদায়ের মুহূর্তে আনন্দের পাশাপাশি ভক্তদের হৃদয়ে জেগে ওঠে এক গভীর শূন্যতা। আবারও হয় হয়ে একটি বছরের অপেক্ষা।

বিজয়া দশমীর তাৎপর্য শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতিষ্ঠা এবং অন্ধকারের বিরুদ্ধে আলোর জয়গান। দেবী দুর্গার অসুরবিনাশী রূপ আমাদের শিক্ষা দেয় সত্য, সাহস, ন্যায় ও মানবিকতার শক্তি দিয়ে সব প্রতিকূলতা মোকাবিলা করা সম্ভব। 

আরও পড়ুন<<>>প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে দুর্গাপূজা

এ উৎসব বাঙালির সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্যেরও এক উজ্জ্বল দৃষ্টান্ত। ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে মানুষ পরস্পরের আনন্দে অংশ নেয়। শুভেচ্ছা বিনিময় করে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করে। বিজয়ার প্রণাম ও কোলাকুলি তাই কেবল আনুষ্ঠানিকতা নয়; এটি ভালোবাসা, ক্ষমা, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার প্রকাশ।

বিজয়া দশমীর এ শুভক্ষণে আমাদের প্রত্যাশা সমাজ থেকে দূর হোক হিংসা, বিদ্বেষ ও বিভেদ। প্রতিষ্ঠিত হোক শান্তি, ন্যায়বিচার, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনা। মানুষের হৃদয়ে জেগে উঠুক কল্যাণ ও ভালোবাসার আলো।

দেবী দুর্গার বিদায় মানেই তার আশীর্বাদের অবসান নয়; বরং নতুন আশায়, নতুন প্রত্যয়ে আগামী দিনের পথে এগিয়ে চলার অনুপ্রেরণা। তাই বিদায়ের বেদনার মাঝেও বিজয়া দশমী আমাদের শোনায় শুভ ও সুন্দর ভবিষ্যতের গান।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়