ছবি: আপন দেশ
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পরিত্যক্ত একটি বাজারের ব্যাগ থেকে ওয়ান শুটারগান, সুইচ গিয়ার চাকু ও চাপাতি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী। রোববার (১৮ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় এসআরবি।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ণকলস গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে এসআরবি-৫ জানায়, তাদের সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
জানা যায়, শনিবার রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটে গোয়েন্দা তথ্যের মাধ্যমে আভিযানিক দল জানতে পারে, বড়াইগ্রাম থানার ৬ নম্বর গোপালপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ণকলস গ্রামে জনৈক সিদ্দিক চেয়ারম্যানের ঘাসের জমির আইলে কলাগাছের নিচে একটি বাজারের ব্যাগ সন্দেহজনক অবস্থায় পড়ে রয়েছে।
আরও পড়ুন<<>>সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা রুখে দিলো বিজিবি
এ তথ্য পাওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এসআরবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করেন। এ সময় ব্যাগের ভেতর থেকে একটি ওয়ান শুটারগান, একটি সুইচ গিয়ার চাকু ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
পরে উদ্ধার করা অস্ত্রগুলো বিধি অনুযায়ী জব্দ করা হয়। এ অভিযানের বিষয়ে সত্যতা নিশ্চিত করেন এসআরবি নাটোর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় বিশ্বাস।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
তবে এসব অস্ত্র সেখানে কে বা কারা রেখেছিল, সে বিষয়ে প্রেস বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































