ছবি: আপন দেশ
জামালপুরের মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ড এবং সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ নেজাম উদ্দিন এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, শাখাওয়াত, সোহেল, আল আমিন, সাদ্দাম, অন্তর, উজ্জ্বল ও ফয়জুর। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন চান মিয়া, জিয়ার, শাহ আলম, কাওছার, সুমন, রিফাত ও মোস্তফা। দণ্ডপ্রাপ্ত সবাই মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের গজারিয়া গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৬ মে রাতে মোবাইল ফোনে কল পেয়ে বাড়ি থেকে বের হন গজারিয়া গ্রামের মহর আলী ও তার ভাতিজা স্বপন মিয়া। শাখাওয়াত ও সোহেল গান গাওয়ার কথা বলে তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর তারা আর বাড়ি ফেরেননি।
স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের সন্ধান না পেয়ে মাদারগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। এর তিন দিন পর ১৯ মে বিকেলে স্থানীয় ভানু ফকিরের পাটক্ষেতে দুটি ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নিহতদের স্বজনরা পরনের পোশাক দেখে মহর আলী ও স্বপনের মরদেহ শনাক্ত করেন।
আরও পড়ুন<<>>স্বামীকে শেষ বিদায় জানাতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
এজাহারে অভিযোগ করা হয়, হত্যার পর আসামিরা অ্যাসিড দিয়ে নিহতদের মুখমণ্ডল বিকৃত করে লাশ পাটক্ষেতে ফেলে রেখে যায়।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ দিদারুল ইসলাম জানান, তৎকালীন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় একটি প্রভাবশালী গোষ্ঠীর সঙ্গে বিরোধের জেরে নিহতদের প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছিল। ঘটনার পর ১৯ মে শাখাওয়াত, সোহেল, মাফিজুল ও জিয়ারসহ ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে মাদারগঞ্জ থানায় হত্যা মামলা করা হয়।
দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে বৃহস্পতিবার রায় ঘোষণা করেন আদালত।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতদের স্বজন ও বাদীপক্ষ। রাষ্ট্রপক্ষের আইনজীবীও রায়কে ন্যায়বিচারের প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































