ছবি: আপন দেশ
শিক্ষার মান উন্নয়নে গাজীপুরের কালীগঞ্জে একাধিক স্কুলের নতু নভবন উদ্বোধন ও ২১৯ জন কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দেয়া হয়েছে। এসময় শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিনব্যাপী অনুষ্ঠানে সেন্ট মেরীস গার্লস হাইস্কুল এন্ড কলেজের নতুন ভবন উদ্বোধন শেষে শিক্ষার্থীদের বই পড়া ও বিতর্ক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিকেলে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে অত্র স্কুল মাঠে মাদক বিরোধী সমাবেশ হয়।
উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি একেএম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নুরুল করিম ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম রকিবুল হাসান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাজিব হাসান। স্বাগত বক্তব্য রাখেন সেন্ট মেরীস গার্লস হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষিকা সি. বীনা খ্রীস্টিনা রোজারিও।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মো. আসাদুজ্জামান, কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন, উপজেলা বিএনপি'র আহবায়ক মাস্টার হুমায়ুন কবির, উপজেলা বিএনপি'র সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপি'র আহবায়ক সদস্য মোহাম্মদ সোলাইমান আলম, খায়রুল আহসান মিন্টু, আশরাফি হাবিবউল্লাহ ও গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা।
আরও পড়ুন<<>>সারের সরবরাহ-মূল্য নিয়ন্ত্রণে নজরদারি জোরদার
কালীগঞ্জে জেলা প্রশাসকের প্রথম সফর উপলক্ষে উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, জনসেবার মানোন্নয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, মাদক, বাল্য বিবাহ, ইভটিজিংকারীদের কোন ছাড় নয়। জনগণের সেবা নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রধান অতিথি একেএম ফজলুল হক মিলন বলেন, কালীগঞ্জের মানুষের উন্নয়ন ও কল্যাণে জনপ্রতিনিধি এবং প্রশাসনের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় এবং সাধারণ মানুষ তার সুফল পায়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় বক্তারা মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির কারণে শিক্ষার্থী ও তরুণ সমাজের ওপর বিরুপ প্রভাব এবং মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকা নিয়ে আলোচনা করেন। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং মাদকের ভয়াল ছোবল থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































