ছবি: আপন দেশ
নড়াইলের লোহাগড়া উপজেলার নলদি ইউনিয়নের জালালসী গ্রামের মৃত ইউসুফ মোল্যার ছেলে নুর জালাল মোল্যা (৬৫)-কে কুপিয়ে আহত করেছে দূর্বৃত্তরা।
এসময় তার ব্যবহৃত মোটরসাইকেল, নগদ টাকা ও স্বর্ণের আংটি ছিনিয়ে নেয়া হয়।
ঘটনার পর মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ, তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
ভুক্তভোগী নুর জালাল মোল্যা জানান, এ ঘটনায় তিনি একই ইউনিয়নের বারইপাড়া গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে মো. আশিক হোসেন, নুর মিয়ার ছেলে মো. রাজু মুসল্লী এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে লোহাগড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা যায়, গত ১৪ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে নিজ মাছের ঘের থেকে কাজ শেষে নড়াইল শহরের উদ্দেশ্যে রওনা হন তিনি। বিলের দূর্বৃত্তরা তর পথরোধ করে তাকে মারধর করে এবং তার সঙ্গে থাকা নগদ ৫০ হাজার টাকা ও একটি স্বর্ণের আংটি ছিনিয়ে নেয়।
ভুক্তভোগীর দাবি, মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার হাতে কোপ দেয়। এতে তার ডান হাতের আঙুলে গুরুতর জখম হয়। তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। পরে দুর্বৃত্তরা মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পরে তার ভাই মঞ্জুর হোসেন মোল্যার সহযোগিতায় তিনি নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা নেন।
আহত নুর জালাল মোল্যা বলেন, অভিযুক্তদের সঙ্গে আমার পূর্ব কোনো বিরোধ ছিল না। তাদের আচরণ দেখে মনে হয়েছে তারা নেশাগ্রস্ত ছিল। নেশার টাকা জোগাড় করতেই তারা আমার ওপর হামলা চালিয়েছে।
আরও পড়ুন<<>>ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত
১৬ জুলাই পুলিশ ফাঁড়ি থেকে মোটরসাইকেলটি ফেরত পেলেও অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনি ব্যবস্থা নেয়া হয়নি। আমি প্রশাসনের কাছে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তের জন্য নলদি পুলিশ ফাঁড়ির ইনচার্জকে নির্দেশ দেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়েছে। আমি ঘটনাটির নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছি।
নলদি পুলিশ ফাঁড়ির এসআই আজিজ বলেন, ওসির নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই মোটরসাইকেল উদ্ধার করা হয়। ১৬ জুলাই বাদী ফাঁড়ি থেকে মোটরসাইকেলটি বুঝে নিয়েছেন।
অভিযুক্তদের গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে নলদি পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাদীর বিরুদ্ধেও অভিযোগ থাকার কথা উল্লেখ করেন। তবে বাদীর বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ রয়েছে কি না এ প্রশ্নের সুনির্দিষ্ট জবাব তিনি দেননি।
এদিকে আলোচিত এ ঘটনায় ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার হলেও এখন পর্যন্তকাউকে গ্রেফতার না করায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































