ছবি: আপন দেশ
উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ-প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর জেলার কেশবপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (০৬ জুলাই) সকালে র্যালির আয়োজন করা হয়। র্যালি শেষে কেশবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা, ফলজ ও বনজ গাছের চারা বিতরণ এবং রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, কেশবপুর, যশোরের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মানস কুমার হালদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ , সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, কেশবপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা পল্লী উন্নয়ন, গ্রামীণ অর্থনীতির বিকাশ, স্থানীয় উন্নয়ন কার্যক্রম, কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
আরও পড়ুন<<>>তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন দিবসে ঋণের চেক বিতরণ
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, গ্রাম উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির সফল বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পল্লী উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণই টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গ্রামীণ উন্নয়নে ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































