ছবি : আপন দেশ
শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, ‘এ পেশার মাধ্যমে আমরা আমাদের জ্ঞানকে একদল তরুণের মধ্যে ছড়িয়ে দিতে পারি। তারা আবার এটাকে পৃথিবীময় ছড়িয়ে দিতে পারে।’
শনিবার (০৪ জুলাই) ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় লোগো উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমার জীবনের শুরু শিক্ষকতা পেশা দিয়ে। কেউ আমাকে জিজ্ঞেস করলে আমি নিঃসংকোচে বলতে পারব, জীবনে শিক্ষকতা পেশাটাকেই সবচেয়ে উপভোগ করেছি।’
তিনি বলেন, ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। তবে শিক্ষার মান নিশ্চিত করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। এটি কোনোভাবেই যেন গতানুগতিক প্রতিষ্ঠান না হয়ে। দরিদ্র, অনুন্নত এ জনপদটি যেন শিক্ষা নগরের খ্যাতি অর্জন করতে পারে। সে বিষয়ে শিক্ষক নির্বাচনে মেধাকে গুরুত্ব দেয়াসহ সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আমি বিশ্বাস করি।’
আরও পড়ুন : সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির শঙ্কা
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড ইস্রাফীল শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-২ আসনের এমপি ডা. আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুর রহমান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, এসপি বেলাল হোসেন এবং জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































