এমপি মো. বরকত উল্লাহ বুলু
যারা ত্রিশ লক্ষ শহীদের রক্তকে অস্বীকার করেন, যারা ৭১কে অস্বীকার করে ৪৭শে ফিরে যেতে চান। মুক্তিযুদ্ধকে অস্বীকার করেন, দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমহানি অস্বীকার করতে চান। তাদের বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার নেই।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকেলে মাইজদী হাউজিং বালুর মাঠে নোয়াখালী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের এমপি মো. বরকত উল্লাহ বুলু এসব কথা বলেন।
ত্রয়োদশ নির্বাচনের প্রসঙ্গ টেনে বরকত উল্লাহ বুলু বলেন, যারা আমাদের প্রান্তিক অঞ্চলের মা-বোনকে ভুল বুঝিয়ে বেহেশতের টিকেট বিক্রি করে তাদের ঈমান আকিদা নষ্ট করেছেন। তাদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে। সে দিন মা-বোনের ইজ্জত সম্ভ্রমহানির পর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মওদুদী বলেছিলেন যুদ্ধের ময়দানে মা-বোনেরা নাকি গনিমতের মাল, এটা নাকি জায়েজ। নাউজুবিল্লাহ।
আরও পড়ুন<<>>আমীর হামজার বিরুদ্ধে আদালতের সমন জারি
তিনি আরও বলেন, বেহেশতের টিকেট কেউ বিক্রি করতে পারে না। আল্লাহর রসুলও বেহেশতের টিকেট দিতে পারে নাই। একদিন উনার প্রিয় কন্যা ফাতেমা (রা,) উনাকে জিজ্ঞাসা করলেন, ‘ইয়া রাসুলুল্লাহ (সা.) আমি বেহেশতে যাব কিনা? তিনি উত্তরে বলেছিলেন, মা আমি তোমাকে বেহেশতে যাওয়ার গ্যারান্টি দিতে পারি না। আল্লাহর কাছ থেকে একটি অনুমতি নিয়ে এসেছি। হাশরের ময়দানে উম্মতদের জন্য সুপারিশ করার অনুমতি নিয়ে এসেছি। তোমার আখলাক, ইবাদত, বন্দেগি, স্বামীর খেদমত, সব কিছু যদি আল্লাহ রাজি খুশি থাকে। তাহলে তুমি বেহেশতে যাবে। হাশরের ময়দানে তোমার জন্য সুপারিশ করতে পারি।
বরকত উল্লাহ বুলু বলেন, বাংলাদেশের গরিব মা-বোনকে যারা বেহেশতের টিকেটের কথা বলে ভোট নিয়েছেন তারা ইসলামকে বিদয়াত পথে নিয়ে গেছেন। ঈমান আকিদা নষ্ট করেছেন। এদের ব্যাপারে আল্লাহ ইনশাআল্লাহ কঠিন শাস্তির ব্যবস্থা করবেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.সরওয়ার উদ্দিন, নোয়াখালী সদর সার্কেল মো.লিয়াকত আকবর প্রমূখ। মেলার উদ্বোধন করেন দি নোয়াখালী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ফিরোজ আলম মতিন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































