ছবি: আপন দেশ
যশোর জেলার কেশবপুর পৌর শহরের মাছ বাজারে জাটকা ইলিশ মাছ বিক্রি করার অপরাধে কামরুজ্জামান নামের এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদ পেয়ে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন এ অভিযান পরিচালনা করেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) রেকসোনা খাতুন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার ভোগতী-নরেন্দ্রপুর গ্রামের আফসার আলী বিশ্বাসের ছেলে কামরুজ্জামান পৌর শহরের মাছবাজারে জাটকা ইলিশ মাছ বিক্রি করছিল।
গোপন সংবাদ পেয়ে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১০ ইঞ্চির ছোট ৩ কেজি জাটকা ইলিশ জব্দ করেন। এসময় খুচরা মাছ ব্যবসায়ী কামরুজ্জামানকে দুই হাজার টাকা জরিমানা করেন। পরবর্তীতে জব্দকৃত তিন কেজি জাটকা ইলিশ মাছ কেশবপুর শিশু সদন এতিমখানায় বিতরণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় কেশবপুর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস এবং কেশবপুর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
এ ব্যাপারে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) রেকসোনা খাতুন বলেন, সরকারি নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে ১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের জাটকা ইলিশ ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন, বিনিময় ও মজুত সম্পূর্ণভাবে দণ্ডনীয় অপরাধ। আইন অমান্য করে জাটকা ইলিশ বিক্রি করার অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর ৫ ধারা অনুযায়ী কামরুজ্জামানকে দুই হাজার জরিমানা করা হয়েছে।
জব্দকৃত ১০ ইঞ্চির ছোট ৩ কেজি জাটকা ইলিশ কেশবপুর শিশু সদন এতিমখানায় বিতরণ করা হয়েছে। আগামীতেও কেশবপুর উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং বাজারে জাটকা ইলিশ বিক্রয়কারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































