সারাহ খলিফা। ছবি: সংগৃহীত
মিশরের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা সারাহ খলিফার মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মাদক উৎপাদন ও বিভিন্ন দেশে পাচারের অভিযোগে তাকেসহ মোট ১২ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
শনিবার (০৫ সেপ্টেম্বর) ইজিপ্টশিয়ান ইন্ডিপেন্ডেন্টসহ দেশটির বিভিন্ন গণমাধ্যম এ তথ্য জানায়।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সারাহ খলিফাসহ ১২ আসামি মাদক তৈরির উপকরণ সংগ্রহ করতো। যা বিভিন্ন দেশে পাচার করতে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র গড়ে ওঠেছিল। তাদের বিরুদ্ধে লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্রসহ গোলাবারুদ রাখা ও বহনের অভিযোগও প্রমাণিত হয়েছে বলে আদালত উল্লেখ করেন।
আসামিদের বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধী চক্র গঠন, সিনথেটিক মাদক তৈরির উপকরণ বিদেশ থেকে আমদানি এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ রাখার অভিযোগও আনা হয়েছে।
৩৯ বছর বয়সী সারাহ খলিফা মিশরের একটি টেলিভিশনে নিরাপত্তা ও অপরাধবিষয়ক অনুষ্ঠান ‘মিশন ইমপসিবল’ উপস্থাপনার মাধ্যমে ব্যাপক পরিচিতি পান।
পাশাপাশি তিনি একটি কসমেটিক সার্জারি ক্লিনিক এবং অনুষ্ঠান ও বিভিন্ন ইভেন্ট আয়োজনের সঙ্গে যুক্ত একটি প্রযোজনা প্রতিষ্ঠানের মালিক।
মামলার তদন্তে বিপুল পরিমাণ মাদক ও মাদক তৈরির কাঁচামাল জব্দ করা হয়। কর্তৃপক্ষের দাবি, অভিযানে ৭৫০ কেজির বেশি মাদক ও কাঁচামাল পাওয়া যায়। একই সঙ্গে মাদক তৈরির জন্য ব্যবহৃত দুটি অ্যাপার্টমেন্টকে কথিত ল্যাবরেটরি হিসেবে ব্যবহারের তথ্য মিলে। সেখান থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদও জব্দ করা হয়।
আরও পড়ুন <<>> নিউইয়র্কে বাংলাদেশি প্রবাসীদের জন্য কল সেন্টার চালু
আদালত মৃত্যুদণ্ড ঘোষণার আগে মিশরের গ্র্যান্ড মুফতির মতামত নেন। দেশটির আইনে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার আগে এ ধরনের ধর্মীয় মতামত নেয়া বাধ্যতামূলক। তবে আদালতের দেয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আসামিদের আপিলের সুযোগ রয়েছে।
এদিকে পৃথক একটি মামলায় এক তরুণকে অপহরণ ও মারধরের অভিযোগে সারাহ খলিফাসহ কয়েকজনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মিশরে পূর্বপরিকল্পিত হত্যা, সন্ত্রাসবাদ ও ধর্ষণের মতো কয়েকটি গুরুতর অপরাধ এবং মাদকপাচারের মতো অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। মিশরীয় কমিশন ফর রাইটস অ্যান্ড ফ্রিডমসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে ৫৪১টি মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়েছিল।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































