ছবি : সংগৃহীত
পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের একটি অংশকে ঘিরে মানবপাচার ও অভিবাসন-সংক্রান্ত অপরাধের অভিযোগ ওঠেছে। দেশটির একটি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে ভুয়া কোম্পানির মাধ্যমে প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ তুলে ধরা হয়েছে। তবে এসব অভিযোগের তদন্ত ও বিচার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয় বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
মূলত পর্তুগালের একটি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনের পর বাংলাদেশিদের একটি অংশকে ঘিরে মানবপাচার ও অভিবাসন-সংক্রান্ত অপরাধের বিষয়টি প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
অভিযোগ রয়েছে, কিছু অসাধু ব্যক্তি বা চক্র বিদেশে কর্মসংস্থান ও বৈধ কাগজপত্রের প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। পাশাপাশি কেউ কেউ মানবপাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।
অভিযোগ অনুযায়ী, ভুয়া বা কাগুজে (শেল) কোম্পানি খুলে পর্তুগালের রেসিডেন্স পারমিট বা বৈধ কাগজপত্রের জন্য ফাইল তৈরি করা হয়।
এ ধরনের কর্মকাণ্ডে বিপুল অর্থ লেনদেনের অভিযোগও উঠে এসেছে। বলা হচ্ছে, যদি কোনোভাবে ২০০ জনকে চুক্তির মাধ্যমে পর্তুগালে আনা যায়, তাহলে জনপ্রতি ৩ হাজার ৫০০ ইউরো হিসেবে মোট ৭ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ কোটির বেশি টাকা) আয় করা সম্ভব।
এদিকে প্রবাসী বাংলাদেশিদের একাংশের অভিযোগ, এ ধরনের ঘটনা প্রতিরোধ এবং ভুক্তভোগীদের সহায়তায় পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।
আরও পড়ুন <<>> ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
তাদের মতে, সচেতনতা বৃদ্ধি, অভিযোগ গ্রহণ এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় জোরদার করা জরুরি।
বিশেষজ্ঞদের মতে, কয়েকজন অপরাধীর কর্মকাণ্ডের দায় পুরো বাংলাদেশি কমিউনিটির ওপর চাপিয়ে দেয়া উচিত নয়। অধিকাংশ প্রবাসী বাংলাদেশি সৎভাবে কাজ করছেন এবং দেশের সুনাম বজায় রাখতে ভূমিকা রাখছেন। তাই অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার পাশাপাশি নিরীহ প্রবাসীদের স্বার্থও সমানভাবে রক্ষা করতে হবে।
বিশেষজ্ঞরা আরও বলেন, মানবপাচার একটি আন্তর্জাতিক অপরাধ। এ ধরনের অপরাধ দমনে পর্তুগালের আইনশৃঙ্খলা বাহিনী, বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী বাংলাদেশি সমাজের সমন্বিত উদ্যোগই হতে পারে কার্যকর সমাধানের পথ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































