ছবি : আপন দেশ
শেয়ার বাজারে ধারাবাহিক দরপতন রোধ ও সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার দাবিতে রাজধানীর মতিঝিলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ‘বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ (বিসিআইএ)’।
মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা দেড়টায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুঁজিবাজারকে ‘ধ্বংসের হাত থেকে রক্ষা’ এবং সাধারণ বিনিয়োগকারীদের অধিকার আদায়ের দাবিতে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে সাধারণ শেয়ার ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে।
বিনিয়োগকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে অযৌক্তিক ও ধারাবাহিক দরপতন চলছে। এতে সাধারণ বিনিয়োগকারীরা তাদের পুঁজি হারাচ্ছেন। একই সঙ্গে দুর্বল ও লোকসানি বিভিন্ন কোম্পানির শেয়ার নিয়ে একটি চক্রের কারসাজি এবং কারসাজিকারীদের দৌরাত্ম্য নিয়েও অভিযোগ রয়েছে।
বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ ও কারসাজি ঠেকাতে নিয়ন্ত্রক সংস্থার কার্যকর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিনিয়োগকারীরা। তাদের অভিযোগ, সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ ও মতামত দীর্ঘদিন ধরে উপেক্ষা করা হচ্ছে।
আরও পড়ুন: বুধবার সাধারণ ছুটি, পাবেন না যারা
আয়োজকদের ভাষ্য, পুঁজিবাজারের সংকটময় পরিস্থিতিতে বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ প্রয়োজন। এ দাবিতে মঙ্গলবারের কর্মসূচিতে সব সাধারণ শেয়ার ব্যবসায়ী ও বিনিয়োগকারীকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে।
আপন দেশ/মিম/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































