ছবি : সংগৃহীত
চলতি বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে নিজেদের চিরচেনা রূপেই মাঠে নামছে আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নরা ফিরছে তাদের ঐতিহ্যবাহী সাদা-আকাশি ডোরাকাটা হোম জার্সিতে।
এবার কয়েকটি ম্যাচে ভিন্ন কিট ব্যবহার করলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য পরিচিত সাজই বেছে নিয়েছেন লিওনেল স্কালোনির শিষ্যরা।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালে আর্জেন্টিনার খেলোয়াড়দের গায়ে থাকবে সাদা-আকাশি জার্সি।
বিশ্বকাপের এবারের আসরে সব ম্যাচে একই পোশাকে খেলেনি আর্জেন্টিনা। জর্ডানের বিপক্ষে এবং পরে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে দেখা যায় অ্যাওয়ে নীল জার্সি।
তবে আলজেরিয়া, কেপ ভার্দে, মিশর ও সুইজারল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া ম্যাচগুলোতে তারা ঐতিহ্যবাহী হোম কিটেই খেলেছিল। সে সফল কিটেই এবার বিশ্বকাপ ট্রফি ধরে রাখার লড়াইয়ে নামবে দলটি।
গোলবারের নিচে এমিলিয়ানো মার্টিনেজকেও দেখা যাবে সম্পূর্ণ সবুজ পোশাকে। আর্জেন্টিনার এই তারকা গোলরক্ষক অতীতের বেশ কয়েকটি স্মরণীয় ম্যাচেও একই রঙের কিট পরে মাঠে নেমেছিলেন।
২০২২ কাতার বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকার ফাইনালেও তাকে একই রঙের পোশাকে দেখা গিয়েছিল। কাতার বিশ্বকাপের নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষের নকআউট ম্যাচগুলোতেও আর্জেন্টিনা সাদা শর্টস ও সাদা মোজা ব্যবহার করেছিল।
অন্যদিকে স্পেনও ফিরছে নিজেদের ঐতিহ্যবাহী রূপে। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে বিকল্প কিট ব্যবহার করলেও ফাইনালে তারা খেলবে লাল জার্সিতে। নীল রঙের হাতা ও হলুদ নকশায় সাজানো সে জার্সির সঙ্গে থাকবে লাল শর্টস ও লাল মোজা।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































