ফাইল ছবি, আপন দেশ
বন্যার পানিতে যখন ডুবে গেছে ঘরবাড়ি, থমকে গেছে স্বাভাবিক জীবন। সেই মানুষগুলোর পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলো দেশের ক্রিকেট পরিবার। মানবিক দায়িত্বের এমন বার্তাই দিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল ও জাতীয় দলের ক্রিকেটাররা।
টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানসহ দেশের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। পানিবন্দি হয়ে দুর্বিষহ সময় পার করছেন লাখো মানুষ। এমন পরিস্থিতিতে বন্যার্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুধু নিজেরাই নয় বরং দেশের প্রতিটি মানুষকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
নিজের অফিসিয়াল ফেসবুক পোস্টে তামিম ইকবাল লিখেছেন, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানসহ দেশের অনেক এলাকা এখন বন্যাকবলিত। লাখো মানুষ পানিবন্দি। অনিশ্চয়তা ও দুর্ভাবনায় দিন পার করছে অসংখ্য মানুষ। এ বিপর্যয়ে আক্রান্ত মানুষদের সমব্যথী আমরাও। বানভাসি মানুষদের জন্য বিসিবির পক্ষ থেকে যতটুকু সহায়তা করা সম্ভব, আমরা অবশ্যই করব।
বিসিবি সভাপতি আরও জানান, আশা করি, দুর্যোগ দ্রুত কেটে যাবে। ততদিন পর্যন্ত সর্বস্তরের মানুষ আমরা ঐক্যবদ্ধভাবে অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করি। সাধ্যানুযায়ী যতটুকু করা যায়, তা করার।
আরও পড়ুন<<>>আর্জেন্টিানা-ইংল্যান্ড ম্যাচে ‘ফকল্যান্ড যুদ্ধের’ ঝাঁজ
বন্যার ভয়াবহ পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। এ তারকা ক্রিকেটার লিখেছেন, মহান আল্লাহ তাআলা বন্যাকবলিত মানুষের এ কঠিন সময়ে তাদের সাহায্য করুন। স্বস্তির ব্যবস্থা করে দিন। ইয়া রব, আপনি তাদের সাহায্য করুন। তাদের প্রতি রহম করুন। ইয়া আল্লাহ, একমাত্র আপনিই আমাদের রক্ষা করতে পারেন। আল্লাহুম্মা আমিন।
চট্টগ্রামের মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে তরুণ ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব লিখেছেন, এ কঠিন সময়ে চট্টগ্রামের মানুষের জন্য সবাই দোয়া করুন। যদি সামর্থ্য থাকে, তাহলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। সাহায্য, সহযোগিতা বা একটি আন্তরিক দোয়াও অনেক মূল্যবান। আসুন সবাই মিলে মানবতার পাশে দাঁড়াই। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন, বিপদ দূর করুন এবং ক্ষতিগ্রস্তদের ধৈর্য ও শক্তি দান করুন। আমিন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































