Apan Desh | আপন দেশ

বায়োমেট্রিক না দিলেই বাতিল ভোটার আবেদন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:১৫, ২১ অক্টোবর ২০২৬

আপডেট: ১৪:৩১, ২১ অক্টোবর ২০২৬

বায়োমেট্রিক না দিলেই বাতিল ভোটার আবেদন

ছবি: আপন দেশ

অনলাইনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা নতুন ভোটার নিবন্ধনের আবেদন করার পর নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দিলে আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। ঝুলে থাকা অসম্পূর্ণ আবেদন নিষ্পত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি নির্বাচন কমিশনের মাসিক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। 

সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনাও দেয়া হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ এ বিষয়ে ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজারকে লিখিত নির্দেশনা দিয়েছেন। 

নির্দেশনা অনুযায়ী, অনলাইনে আবেদন করার পর নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয় বা নির্ধারিত বুথে উপস্থিত হয়ে ছবি, আঙুলের ছাপ ও চোখের আইরিশের তথ্য দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এসব বায়োমেট্রিক তথ্য না দিলে আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে।

নির্বাচন কমিশন মনে করছে, এ উদ্যোগের ফলে সার্ভারে দীর্ঘদিন ধরে জমে থাকা অসম্পূর্ণ আবেদন কমবে। একই সঙ্গে আবেদন করার পর প্রয়োজনীয় তথ্য জমা না দেয়ার কারণে সৃষ্ট জটিলতাও কমে আসবে।

আরও পড়ুন <> রূপপুর পৌঁছল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের চালান

এদিকে, জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয়ে সংরক্ষিত পুরোনো নথিপত্র এবং অপ্রয়োজনীয় সামগ্রী অপসারণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। 

২০১২ সাল থেকে স্ক্যান করে সার্ভারে আপলোড করা ভোটার নিবন্ধন ফরম-২-এর কাগজের কপি এবং অন্যান্য অপ্রয়োজনীয় সামগ্রী নিষ্পত্তি করা হবে। 

এ কার্যক্রম আগামী ৩১ অক্টোবরের মধ্যে শেষ করতে সংশ্লিষ্ট কার্যালয়গুলোকে নির্দেশ দেয়া হয়েছে।

তবে সব পুরোনো নথি অপসারণ করা হবে না। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ২০১১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধিত ও সংরক্ষিত ভোটার নিবন্ধন ফরম আগের মতোই সংশ্লিষ্ট কার্যালয়ে গুরুত্বের সঙ্গে সংরক্ষণ করতে হবে। 

ফলে ২০১২ সাল থেকে স্ক্যান করে সার্ভারে সংরক্ষিত ফরমগুলোর কাগজের কপিই অপসারণের আওতায় আসবে।

নথিপত্র নিষ্পত্তির ক্ষেত্রেও তথ্যের গোপনীয়তা ও পরিবেশ সুরক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। এ কারণে বাতিলের জন্য নির্ধারিত ফরম ও নথিপত্র খোলাবাজারে বিক্রি না করে সরাসরি কাগজের মণ্ড তৈরির কাজে ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

সিদ্ধান্ত বাস্তবায়নে দেশের সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের কাছে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে বলে ইসি সূত্রে জানা গেছে।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়