ছবি: আপন দেশ
নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার খলনায়ক আশরাফুল হক ডনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত ডনের উপস্থিতিতে এ রিমান্ড মঞ্জুর করেন।
এ সময় শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো দক্ষিণের ইন্সপেক্টর মজিবুর রহমান ডনের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের জোর দাবি জানান। বাদীপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীনও সর্বোচ্চ রিমান্ডের আবেদন করেন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ঢাকা বারের সাধারণ সম্পাদক আবুল কালাম, ফরিদুল ইসলামসহ আরও অনেকে রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত ডনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন<<>>সালমান শাহকে নিয়ে ‘পাগলামি’, আসছে ‘লাভ ৯৬’
এ দিন সকালে ডনকে আদালতের হাজতখানায় হাজির করা হয়। পরে শুনানির জন্য তাকে এজলাসে তোলা হয়। সকাল থেকে আদালতের সামনে ব্যানার নিয়ে সালমান শাহর ভক্তরা মানববন্ধন করেন।
ভক্তরা জানান, ডনের সর্বোচ্চ রিমান্ড মঞ্জুরের দাবিতে তারা আদালতে এসেছেন। ডনকে জিজ্ঞাসাবাদ করা হলে মামলার অন্য আসামিদের বিষয়ে তথ্য পাওয়া যাবে। একই সঙ্গে সালমান শাহর স্ত্রী সামিরাসহ বাকি আসামিদের গ্রেফতারের দাবিও জানান তারা।
বুধবার (১৯ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো দক্ষিণের ইন্সপেক্টর মজিবুর রহমান ডনের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। ডনের উপস্থিতিতে শুনানির দিন ধার্য ছিল বৃহস্পতিবার।
রোববার (০৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। ওই দিনই তাকে কারাগারে পাঠানো হয়। পরে দুইবার জামিনের আবেদন করলেও ডনের জামিন মেলেনি।
১৯৯৬ সালের ০৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান সালমান শাহ। শুরুতে তার মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও পরে এ নিয়ে হত্যা মামলা হয়। মামলাটির তদন্তে বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির নাম এসেছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন সালমান শাহের স্ত্রী সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ.ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































