ছবি : আপন দেশ
ঢাকার সাভারে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অভিযানের রেশ কাটতে না কাটতেই এবার আরেক গ্রামে পাওয়া গেছে স্কচটেপে মোড়ানো ‘প্রেসার কুকার বোমা’ সদৃশ একটি বস্তু। ঘটনাস্থলে ঢাকা থেকে বোমা ডিসপোজাল টিম রওনা হয়েছে উদ্ধারের জন্য। এ সময় জনসাধারণের নিরাপত্তার স্বার্থে ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশের সদস্যরা।
বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
গণমাধ্যমকে তিনি বলেন, প্রেসার কুকারটিতে স্কচটেপ প্যাঁচানো রয়েছে। দেখতে এটি আশুলিয়ায় উদ্ধার হওয়া বোমার মতো মনে হচ্ছে। তবে এটি আসলে বিস্ফোরক কি না, বিশেষজ্ঞ দল পরীক্ষা করার পরই তা নিশ্চিত হওয়া যাবে।
আরও পড়ুন<<>>সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নাকচ
স্থানীয় বাসিন্দাদের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ঘোড়া মসজিদের মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম পড়ে থাকতে দেখেন কয়েকজন। ড্রামটির ভেতরে পুরোনো জামাকাপড়, পবিত্র কোরআন শরিফ ও স্কচটেপে মোড়ানো একটি প্রেসার কুকার ছিল। পরে স্থানীয় লোকজন ড্রাম থেকে কুকারটি বের করে মাঠে রেখে দেন। তাদের ধারণা, অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি ড্রামটি সেখানে রেখে গেছেন।
পুলিশ পরিদর্শক ইমরান হোসেন বলেন, মানুষের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে কোনো ধরনের ঝুঁকি নেয়া হচ্ছে না। বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দলকে বিষয়টি জানানো হয়েছে। বিশেষজ্ঞ দল এসে পর্যবেক্ষণ করার পর এটি আসলে কী, তা বলা যাবে।
এর আগে গত ৩০ জুলাই সাভারের পাশের আশুলিয়ার চারাবাগ এলাকায় একটি চায়ের দোকানের সামনে থেকে প্রেসার কুকারের ভেতরে থাকা একটি শক্তিশালী বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করেছিল বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল। পুলিশ জানিয়েছিল, এক ব্যক্তি ব্যাগে করে ওই প্রেশার কুকারটি এনে চায়ের দোকানের সামনে রেখে চলে যান।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































