ছবি : সংগৃহীত
রাজধানীর নাগরিক সেবার বাস্তব চিত্র সরেজমিন দেখতে প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনকে সঙ্গে নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত গভীর রাতে তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। পরিদর্শনকালে বর্জ্য ব্যবস্থাপনার সার্বিক কার্যক্রম ও পরিচ্ছন্নতার খোঁজ নেন এবং সেবার মানোন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
গভীর রাতের এ আকস্মিক পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী রাজধানীর বিভিন্ন সড়ক, বর্জ্য ব্যবস্থাপনা, ফুটপাতের অবস্থা, সড়কবাতি, নৈশকালীন যান চলাচল এবং সার্বিক নগরসেবার চিত্র প্রত্যক্ষ করেন। কয়েকটি স্থানে গাড়ি থামিয়ে তিনি মাঠপর্যায়ের সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন এবং তাৎক্ষণিক নির্দেশনা দেন। রাতের বেলা নগর ব্যবস্থাপনা বাস্তবে কীভাবে পরিচালিত হচ্ছে, তা সরাসরি যাচাই করতেই তিনি এ পরিদর্শনে নামেন।
নগরবাসীর দৈনন্দিন দুর্ভোগ কমাতে এবং সেবার মান বাড়াতে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিচ্ছেন। মাঠপর্যায়ের প্রকৃত সমস্যা চিহ্নিত করতেই তিনি নিজে রাতে সরেজমিন পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
আরও পড়ুন<<>>প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করল হাসিতে মন জয় করা তাহসিন
উপ-প্রেস সচিব জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনকে পাশে বসিয়ে নিজে গাড়ি চালিয়ে ফার্মগেট এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। এরপর সংসদ ভবন এলাকায় যান। সেখান থেকে ক্যান্টনমেন্ট হয়ে মহাখালী যান। তারপর বনানী চেয়ারম্যান বাড়ি ঘুরে বনানী হয়ে গুলশানে বাসায় ফেরেন প্রধানমন্ত্রী।
এ সময় গাড়িতে বসে উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তারা গাড়ি বহরে ছিলেন।
সুজন মাহমুদ জানান, প্রধানমন্ত্রী সকাল থেকে সারাদিন সচিবালয়ে কর্মব্যস্ত সময় পার করেন। রাতে সেখান থেকে উত্তর সিটির প্রশাসককে সঙ্গে নিয়ে রাস্তা ঘাটের পরিষ্কার-পরিচ্ছন্নতার অবস্থা দেখতে বের হন।
উল্লেখ্য, এর আগে পবিত্র ঈদুল আজহার রাতেও প্রধানমন্ত্রী একইভাবে রাজধানী পরিদর্শনে বেরিয়েছিলেন। সে সময় নির্দিষ্ট সময়ের মধ্যে কুরবানির পশুর বর্জ্য অপসারণে গাফিলতির অভিযোগে দায়িত্বপ্রাপ্ত দুই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছিল, যা সেবা প্রদানকারীদের অবহেলা রোধে কঠোর বার্তা দিয়েছিল।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































