Apan Desh | আপন দেশ

জ্বালানি তেলের সংকট নেই: যুগ্ম সচিব

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৭:২৭, ২২ জুলাই ২০২৬

জ্বালানি তেলের সংকট নেই: যুগ্ম সচিব

যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। ৩১ দিনের ডিজেল, ২৫ দিনের পেট্রল এবং ৩৬ দিনের অকটেন মজুত রয়েছে বলে জানিয়েছেন জ্বালানি বিভাগের মুখপাত্র যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।

বুধবার (২২ জুলাই)  এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। 

গুজব ছড়ানো হচ্ছে উল্লেখ করে যুগ্ম সচিব বলেন, জ্বালানির পর্যাপ্ত মজুদ থাকার পরও কেউ কেউ এ বিষয়ে গুজব ছড়াচ্ছে। প্রাকৃতিক গ্যাসের কিছুটা ঘাটতি আছে। তবে নতুন গ্যাস উত্তোলনসহ ঘাটতি মোকাবেলার চেষ্টা করছে সরকার। একটি গুরুত্বপূর্ণ এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) সমস্যা দেখা দেয়ায় গ্যাস নিয়ে সমস্যা দেখা দিচ্ছে। এটির সমাধান হলে পাম্পে সিএনজির লাইন কমে যাবে।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ শুরু হয়েছে। তবে এর প্রভাব এবার সেভাবে পড়বে না। পরিশোধিত (রিফাইন্ড) কোনো তেল মধ্যপ্রাচ্যের যুদ্ধাক্রান্ত দেশ থেকে বাংলাদেশ আনে না। তাই এ ক্ষেত্রে সমস্যা নেই। আর ক্রুড অয়েল এসব দেশ থেকে আনা হলেও বিকল্প পথ দিয়ে আনার পরিকল্পনা আছে সরকারের। 

আরও পড়ুন<<>>গ্যাসের তীব্র সংকট, ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ সারি

কমিশন বৃদ্ধির দাবিতে আগামী ৩০ জুলাই সারা দেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। তাদের ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে জ্বালানি সংকটের গুজব ছড়ানো হয়।

দেশের অনেক স্টেশনে অতিরিক্ত ভিড়ও দেখা গেছে রাত থেকে। সংকট তৈরির চেষ্টা থেকে জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে মনে করছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়