ছবি : আপন দেশ
পবিত্র আশুরা উপলক্ষে শোক, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকাল ১০টার পর মিছিলটি শুরু হয়।
মিছিলে অংশগ্রহণকারীদের কালো পোশাক পরিহিত অবস্থায় দেখা গেছে।
নারী, পুরুষ ও শিশু—সব বয়সী মানুষের অংশগ্রহণে হোসেনি দালান এলাকায় সকাল থেকেই শোকের আবহ বিরাজ করে। তারা কারবালার শোকাবহ ঘটনার স্মরণে মাতম করছেন এবং বিভিন্ন শোকগাথা ও ধর্মীয় স্লোগান দিচ্ছেন। মিছিলে অংশ নেয়া অনেকেই প্রতীকী তাজিয়া বহন করছেন।
অনেকের হাতে প্রতীকী ছুরি, আলাম, নিশান, বেস্তা ও বইলালাম শোভা যায়, যা কারবালার ঘটনা স্মরণ করিয়ে দেয়।
তাদের ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনিতে রাজধানীর বাতাস ভারী হয়ে ওঠে। শোকযাত্রাটি আজিমপুর, নীলক্ষেত, নিউমার্কেট, সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
এদিকে, তাজিয়া মিছিলকে কেন্দ্র করে রাজধানীতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
হোসেনি দালান ও আশপাশের এলাকায় সোয়াত, র্যাব, পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং মিছিলের পুরো পথজুড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের ওপরও নজরদারি চালানো হয়।
আরও পড়ুন : বসুন্ধরার বিরুদ্ধে দুদকের করা মামলার অগ্রগতি জানতে চান হাসনাত আব্দুল্লাহ
প্রতি বছর পবিত্র আশুরা উপলক্ষে হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল বের হয়। কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এবং তার পরিবারের সদস্য ও সঙ্গীদের শাহাদাতের স্মরণে শিয়া সম্প্রদায় এ শোক মিছিল আয়োজন করে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































