Apan Desh | আপন দেশ

আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:১১, ১১ মে ২০২৬

আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা

ফাইল ছবি

বিশ্বের অন্যান্য বড় শহরের মতো দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের সমস্যায় ভুগছে ঢাকা। কয়েকদিনের বৃষ্টিতে দূষণ কিছুটা কমলেও রাজধানীর বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হওয়ার পরও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের অবস্থানে রয়েছে ঢাকা।

সোমবার (১১ মে) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান সংস্থা আইকিউএয়ারের তালিকায় এ তথ্য উঠে আসে। সকাল ৮টা থেকে ৯টার সময়সীমার রেকর্ড অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৯৫, যা ‘অস্বাস্থ্যকর’ বাতাসের নির্দেশক।

রিয়েল-টাইম একিউআই স্টেশন র‍্যাংকিংয়ে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকায় দূষণের মাত্রা সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর থেকে সবার জন্য অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। এর মধ্যে পুরান ঢাকার বেচারাম দেউড়ি এলাকার বাতাস সবচেয়ে বেশি দূষিত। এলাকাটির একিউআই স্কোর ছিল ২৪১, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

তালিকায় থাকা ঢাকার অন্য এলাকাগুলোর মধ্যে রয়েছে আগারগাঁওয়ের বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), বারিধারা পার্ক রোড, ধানমন্ডি, গুলশান লেক পার্ক, গুলশানের বেজ এজওয়াটার আউটডোর, উত্তর বাড্ডা, দক্ষিণ পল্লবী, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এবং গোড়ান এলাকা।

আরও পড়ুন <<>> যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আইকিউএয়ারের তালিকায় ঢাকার পর সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে রয়েছে দিল্লি, হ্যানয়, চেংদু এবং তাসখন্দ।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাস ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

এছাড়া ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেয়া হয়। অন্যদিকে ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি তৈরি করতে পারে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ
Advertisement

জনপ্রিয়