Apan Desh | আপন দেশ

সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা বুধবার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৩৯, ৭ এপ্রিল ২০২৬

সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা বুধবার

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল আগামী বুধবার (০৮ এপ্রিল) ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (০৭ এপ্রিল) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এদিন সকাল ১১টায় ব্রিফিংয়ের মাধ্যমে তফসিল ঘোষণা করা হবে।

এর আগে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

এদিকে রাজনৈতিক সমীকরণ অনুযায়ী, বিএনপির সঙ্গে রয়েছে জোনায়েদ সাকি, নুরুল হক নুর এবং আন্দালিব রহমান পার্থের নেতৃত্বাধীন দলগুলো। অন্যদিকে জামায়াতের সঙ্গে রয়েছে এনসিপি ও খেলাফত আন্দোলন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরাও জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

সংরক্ষিত নারী আসন বণ্টনের হিসাব অনুযায়ী, বিএনপি জোট পেতে পারে ৩৬টি আসন, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীরা একটি আসন পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে বিএনপির নেতা রুমিন ফারহানা জোটের বাইরে থাকার ঘোষণা দিয়েছেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত থাকে। এছাড়া বগুড়া-৬ আসনে উপনির্বাচন হবে এবং চট্টগ্রাম-২ ও ৪ আসনে আইনি জটিলতার কারণে ফলাফল ঘোষণা হয়নি।

আরও পড়ুন <<>> সংবিধানের প্রয়োজনীয় সংশোধনে সরকার উদার: স্পিকার

বর্তমানে সংসদে বিএনপির সদস্য সংখ্যা ২০৮ জন, জামায়াতের ৬৮ জন, এনসিপির ৬ জন। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২টি আসন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস পেয়েছে একটি করে আসন। স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৭টি আসন।

আইন অনুযায়ী, কোনো দল সংসদে প্রাপ্ত সাধারণ আসনের সংখ্যা ৫০ দিয়ে গুণ করে ৩০০ দিয়ে ভাগ করলে যে ফল পাওয়া যায়, সেটিই সে দলের সংরক্ষিত নারী আসনের সংখ্যা নির্ধারণ করে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়