আনোয়ারুল ইসলাম সরকার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে চলমান বিতর্কের মধ্যে মুখ খুলেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেছেন, আদালতের সুনির্দিষ্ট নির্দেশ পেলেই ভোট পুনর্গণনার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া সম্ভব।
রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
গেজেট প্রকাশে কমিশন কোনো তড়িঘড়ি করেনি জানিয়ে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, আইনের মধ্যে থেকেই কাজ করা হয়েছে। সঠিক সময়ে গেটেজ প্রকাশ হয়েছে। ১১ দলীয় জোটের ফলাফল ঘোষণার পুনর্বিবেচনার বিষয়টি অপ্রাসঙ্গিক। তবে আইনের দ্বারস্থ হতে কোনো বাধা নেই কোনো অভিযোগকারীর। আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি।
সুষ্ঠু ভোট হয়েছে জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন দিতে সফল হয়েছে কমিশন। প্রত্যাশার চেয়েও বেশি পূরণ হয়েছে এ নির্বাচনের মধ্য দিয়ে।
নির্বাচনে ৩২টি আসনে অনিয়ম করে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থীদের হারানো হয়েছে বলে অভিযোগ করেছেন জোটের নেতারা। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এ অভিযোগ করেন তারা।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়কারী এ এইচ এম হামিদুর রহমান আযাদ। তারা বলেন, মোট ৩২টি আসন চিহ্নিত করা হয়েছে যেখানে আমাদের হারিয়ে দেয়া হয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































