নাহিদ ইসলাম ও ড. ইউনূস। ছবি: ফেসবুক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে জয় লাভ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তাকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) পাঠানো এক বার্তায় এ অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা।
বার্তায় বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি সাহস, দৃঢ়তা ও আত্মবিশ্বাসের সঙ্গে অংশ নেয়। এটি দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। নবীন রাজনৈতিক দল হয়েও ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা। ছয়টি আসনে জয় পাওয়া উল্লেখযোগ্য সাফল্য। আরও কয়েকটি আসনে দলটি সম্মানজনক লড়াই গড়ে তোলে। এ অর্জন কেবল সংখ্যার হিসাব নয়। এটি তরুণদের আত্মবিশ্বাস, স্বপ্ন ও গণতান্ত্রিক চেতনার প্রতিফলন।
প্রধান উপদেষ্টা বলেন, চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনের স্মৃতি এখনো সজীব। সে সময় নাহিদ ইসলামের নেতৃত্ব ও সাহস আন্দোলনকে সুশৃঙ্খল ও লক্ষ্যভিত্তিক করেছে। তার সহযোদ্ধাদের আত্মত্যাগ জাতির মধ্যে কৃতজ্ঞতার অনুভূতি তৈরি করেছে। ব্যক্তিগতভাবে এবং জাতির পক্ষ থেকে তিনি তাদের প্রতি শ্রদ্ধা জানান।
বার্তায় আরও বলা হয়, উপদেষ্টা পরিষদে সহকর্মী হিসেবে নাহিদ ইসলামকে কাছে পাওয়ার অভিজ্ঞতা ছিল মূল্যবান। তার কর্মদক্ষতা, বিষয়ভিত্তিক গভীরতা, নীতিগত দৃঢ়তা এবং প্রশাসনিক প্রক্রিয়া বোঝার আগ্রহ প্রশংসিত হয়েছে।
আরও পড়ুন <<>> জামায়াত আমীরকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ
প্রফেসর ইউনূস বলেন, নতুন কণ্ঠস্বর ও নতুন ধারণার বিকাশের মধ্য দিয়েই গণতন্ত্র শক্ত হয়। এনসিপির স্বল্প সময়ের সাফল্য প্রমাণ করে, জনগণ—বিশেষ করে তরুণ সমাজ—নীতিনিষ্ঠ রাজনীতিতে আস্থা রাখতে চায়। এ আস্থা রক্ষা করাই এখন দলের বড় দায়িত্ব।
তিনি বলেন, সংসদে প্রতিনিধিত্বের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। তরুণদের স্বপ্ন ও প্রত্যাশা সামনে আনার দায়িত্ব রয়েছে দলের ওপর। গঠনমূলক, যুক্তিনিষ্ঠ ও দায়িত্বশীল রাজনীতির মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বার্তায় উল্লেখ করা হয়, বর্তমান অর্জন ভবিষ্যতের বড় দায়িত্বের ইঙ্গিত দেয়। আন্দোলনের পথ থেকে মূলধারার রাজনীতিতে প্রবেশের এ রূপান্তরে আদর্শ ও মূল্যবোধ অক্ষুণ্ন রাখার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। শেষে নাহিদ ইসলামের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন তিনি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































