Apan Desh | আপন দেশ

স্মার্ট অ্যাপে যেভাবে মিলবে ভোটকেন্দ্রের তথ্য

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৮:২০, ৩ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৮:২১, ৩ ফেব্রুয়ারি ২০২৬

স্মার্ট অ্যাপে যেভাবে মিলবে ভোটকেন্দ্রের তথ্য

প্রতীকী ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটারদের জন্য ডিজিটাল সেবা নিশ্চিত করতে নতুন সুবিধা চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ভোটাররা ঘরে বসেই মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের নির্ধারিত ভোটকেন্দ্র সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইসি জানায়, নির্বাচন কমিশনের উদ্যোগে চালু হওয়া এ অ্যাপটির নাম দেয়া হয়েছে ‘স্মার্ট ইলেকশন বিডি’। ভোটারদের সুবিধার্থে অ্যাপটি ইতোমধ্যে গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে অবমুক্ত করা হয়েছে।

এ অ্যাপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ব্যবহার করে ভোটাররা সহজেই নিজের ভোটকেন্দ্র খুঁজে পাবেন। কেন্দ্রের নাম ও ঠিকানার পাশাপাশি এতে রয়েছে জিও লোকেশন, ম্যাপ দেখার সুবিধা। ভোটারের বর্তমান অবস্থান থেকে ভোটকেন্দ্রের দূরত্ব কতটুকু, তা-ও অ্যাপের মাধ্যমে জানা যাবে। কেন্দ্রের ছবি দেখার পাশাপাশি নির্বাচনসংক্রান্ত যাবতীয় নির্দেশনা এখানে পাওয়া যাবে।

কেবল ভোটকেন্দ্রই নয়, নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে অ্যাপটিতে যুক্ত করা হয়েছে প্রার্থীদের বিস্তারিত তথ্য। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তথ্যের পাশাপাশি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হলফনামা দেখার সুযোগ থাকছে এখানে। এর ফলে ভোটাররা প্রার্থীর যোগ্যতা ও সম্পদ সম্পর্কে সম্যক ধারণা নিয়ে ভোট দিতে পারবেন।

ইসি আরও জানায়, নির্বাচনের দিন ও পরবর্তী সময়ে নির্বাচনি ফলাফলও এ অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে। এতে করে ফলাফল নিয়ে স্বচ্ছতা বজায় থাকবে। সাধারণ মানুষ দ্রুত তথ্য হাতে পাবেন। এ ডিজিটাল উদ্যোগের ফলে ভোটারদের ভোগান্তি কমবে। তরুণ প্রজন্মের মধ্যে ভোটের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে বলে মনে করছে কমিশন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়