Apan Desh | আপন দেশ

বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:২৮, ১৮ আগস্ট ২০২৬

বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

ছবি: আপন দেশ

কুমিল্লায় পারিবারিক কলহের জেরে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যা করেন মো. আজাদ নামে এক ব্যক্তি। এ মামলায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক মোহাম্মদ সুলতান উদ্দীন প্রধান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মো. আজাদ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের মো. কবির হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আজাদ আদালতে উপস্থিত ছিলেন।

বাদীপক্ষের আইনজীবী মো. এনামুল হক সরকার জানান, পারিবারিক কলহের জেরে ২০২৩ সালের ২৭ জুলাই রাতে গৃহবধূ তানিয়া বেগমকে হাতে-পায়ে বৈদ্যুতিক তার জড়িয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহত তানিয়া বেগমের মা মায়া বেগম বাদী হয়ে ওই দিনই তার জামাতা মো. আজাদকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন <<>> আজিজ আহমেদকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

এরপর পুলিশের তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদনে তার মৃত্যুর বিষয়টি হত্যাকাণ্ড হিসেবে উঠে আসে। মামলার দীর্ঘ তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামি আজাদের বিরুদ্ধে ২০২৫ সালের ১৫ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, বিভিন্ন নথি ও তথ্য-উপাত্ত পর্যালোচনা শেষে এ আদেশ দেয় আদালত।

রায়ে সন্তোষ প্রকাশ করে নিহতের স্বজনরা জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর এ রায়ের মাধ্যমে তারা ন্যায়বিচার পেয়েছেন। একই সঙ্গে তারা দ্রুত রায় কার্যকরের দাবি জানান।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়