Apan Desh | আপন দেশ

ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ : মেহবুবা মুফতি

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৫৯, ২৪ জুলাই ২০২৬

ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ : মেহবুবা মুফতি

ছবি : সংগৃহীত

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা ও নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ভারতের দিল্লিজুড়ে ছাত্র আন্দোলন চলছে। এবার সে আন্দোলনে যোগ দিয়েছেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী এবং পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) প্রধান মেহবুবা মুফতি। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে।

দিল্লির যন্তর মন্তরে কাকরোজ জনতা পার্টি (সিজেপি) আয়োজিত অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এ আন্দোলনকে দেশটির সংবিধান, গণতন্ত্র এবং তরুণ প্রজন্মের ভবিষ্যৎ রক্ষার যুদ্ধ হিসেবে আখ্যা দেন। প্রখর তাপদাহ ও প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও টানা কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন তিনি।

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে দেশের বর্তমান আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মেহবুবা মুফতি। 

তিনি অভিযোগ করে বলেন, গত ১২ বছর ধরে দেশে কেবল ‘ভাগ করো ও শাসন করো’ নীতি, দুর্নীতি, প্রশ্নপত্র ফাঁস এবং নারী নির্যাতনের মতো ঘটনা ঘটে চলেছে। বর্তমান পরিস্থিতির কঠোর সমালোচনা করে তিনি মন্তব্য করেন, আজ আমাদের দেশে শিশুদের চেয়ে গরুরাও বেশি নিরাপদ। প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাব্যবস্থার অনিয়মের বিরুদ্ধে তরুণদের এ প্রতিবাদ দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কেন্দ্রীয় সরকার ও বিচারব্যবস্থার প্রতি অসন্তোষ প্রকাশ করে পিডিপি প্রধান বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা দিল্লির রাজপথে আন্দোলন করলেও তাদের ক্ষোভ নিরসনে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। সাধারণ পরিবারগুলো জমানো অর্থ খরচ করে সন্তানদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখে, অথচ সরকারের উদাসীনতা তাদের চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। 

মেহবুবা মুফতি সতর্ক করে বলেন, তরুণদের এ পুঞ্জীভূত ক্ষোভ ও দাবি যদি আমলে না নেয়া হয়, তবে তার পরিণতি ভয়াবহ হতে পারে।

আরও পড়ুন : অনশন ভাঙার পর সোনাম ওয়াংচুকর প্রতি মোদির বার্তা

দেশের তরুণ সমাজের শক্তির ওপর আস্থা রেখে তিনি জানান, কোনো সরকারের অহংকারই চিরস্থায়ী হতে পারে না এবং এই দেশের তরুণরাই শেষ পর্যন্ত ভারতের সংবিধানকে রক্ষা করবে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়