Apan Desh | আপন দেশ

সালমান শাহর জন্মদিনে শাবনূরের অনুরোধ

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৩৬, ১৯ সেপ্টেম্বর ২০২৬

সালমান শাহর জন্মদিনে শাবনূরের অনুরোধ

ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় সালমান শাহ-শাবনূর জুটি। যা আজও দর্শক হৃদয়ে অমলিন। ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মবার্ষিকীতে তাকে স্মরণ করে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন শাবনূর।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সালমান শাহর জন্মদিন উপলক্ষে তিনি একটি ফেসবুক পোস্ট করেন।

শাবনূর লেখেন, শুভ জন্মদিন, প্রিয় সালমান শাহ! কত বছর পেরিয়ে গেল, অথচ ৯০-এর দশকের সে সোনালী দিনগুলো আজও চোখের সামনে ভাসে।

সালমান শাহর সঙ্গে শুটিংয়ের স্মৃতি তুলে ধরে শাবনূর বলেন, শুটিং সেটে তিনি শুধু একজন জনপ্রিয় নায়ক ছিলেন না, ছিলেন একজন অসাধারণ হৃদয়ের মানুষ। আশপাশের প্রতিটি মানুষকে তিনি সম্মান করতেন। শুটিং ইউনিটের কর্মী থেকে শুরু করে সাধারণ অভিনয়শিল্পী কাউকেই কখনো ছোট করে দেখতেন না।

শাবনূর আরও লেখেন, সালমান সবার খোঁজ নিতেন, প্রয়োজনের সময় পাশে দাঁড়াতেন। আপন করে যত্ন নিতেন। তার সুন্দর মন ও মানবিকতাই তাকে মানুষের হৃদয়ে এতটা আপন করে রেখেছে বলে উল্লেখ করেন তিনি।

পুরোনো দিনের স্মৃতি মনে করে তিনি বলেন, পুরোনো কোনো গান শুনলে কিংবা তোমার কোনো সিনেমার দৃশ্য চোখে পড়লে মনে হয়, তুমি যেন আবার ফিরে এসেছো সে সোনালী দিনগুলোতে। 
সালমান শাহর আত্মার মাগফিরাত কামনা করে শাবনূর লেখেন, মহান আল্লাহ তোমাকে ক্ষমা করে দিন এবং জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন।

পাশাপাশি সালমান শাহকে নিয়ে কোনো ধরনের অপপ্রচার বা অসম্মানজনক মন্তব্য না করার জন্য ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

আরও পড়ুন <<>> আজ স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন

শাবনূর বলেন, প্রিয় সালমান শাহকে নিয়ে আমরা কেউ যেন কোনো ধরনের মিথ্যা অপবাদ, তুচ্ছ-তাচ্ছিল্য বা অসম্মানজনক মন্তব্য না করি। একজন প্রয়াত মহান শিল্পীর প্রতি শ্রদ্ধা ও সম্মান অটুট রাখার আহবান জানিয়ে তার অমর স্মৃতিকে ভালোবাসা ও মর্যাদার সঙ্গে হৃদয়ে ধরে রাখার অনুরোধ করেন তিনি।

নব্বইয়ের দশকে সালমান শাহ ও শাবনূর জুটি বেঁধে উপহার দিয়েছেন একের পর এক জনপ্রিয় সিনেমা। ‘তুমি আমার’, ‘সুজন সখী’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘বিচার হবে’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’ ও ‘আনন্দ অশ্রু’-এর মতো চলচ্চিত্রে তাদের রসায়ন বাংলা সিনেমাপ্রেমীদের মনে আজও অমলিন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়