ছবি : সংগৃহীত
‘ককটেল’, বলিউডের অন্যতম জনপ্রিয় রোমান্টিক। সাইফ আলি খান, দীপিকা পাডুকোন ও ডায়ানা পেন্টি অভিনীত ২০১২ সালের এ ছবিটি আজও দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গাজুড়ে রয়েছে। তবে ছবিটির এক যুগেরও বেশি সময় পর জানা গেল এক চমকপ্রদ তথ্য—সিনেমার মূল পুরুষ চরিত্র ‘গৌতম’-এর জন্য সাইফ আলি খান পরিচালকদের প্রথম পছন্দ ছিলেন না।
সাইফ জানান, তৎকালীন সময়ের দুই হার্টথ্রব ইমরান খান ও রণবীর কাপুরকে এ চরিত্রের জন্য প্রস্তাব দেয়া হয়েছিল।
‘ভ্যারাইটি ইন্ডিয়া’র সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে সাইফ আলি খান পুরোনো দিনের স্মৃতি হাতড়ে জানান, ছবির নির্মাতারা শুরুতে প্রধান পুরুষ চরিত্রে অভিনেতা নির্বাচন করতে বেশ হিমশিম খেয়েছিলেন। কারণ চিত্রনাট্যে নারী চরিত্র দুইটি এতটাই শক্তিশালী ও আকর্ষণীয় ছিল যে, কোনো নায়ক তাদের পাশে স্ক্রিন শেয়ার করতে রাজি হচ্ছিলেন না।
বিশেষ করে দীপিকা পাডুকোন অভিনীত ‘ভেরোনিকা’ চরিত্রটি ছিল ভীষণ নজরকাড়া। সাইফ বলেন, ‘দীপিকা ও ডায়ানা আগে থেকেই চূড়ান্ত ছিলেন। কিন্তু ভেরোনিকার চরিত্রটি বেশি আকর্ষণীয় হওয়ায় কোনো নায়ক এ সিনেমা করতে চাচ্ছিলেন না। পরে চিত্রনাট্যটি সাইফের কাছে এলে তিনি রাজি হন এবং দারুণভাবে চরিত্রটি ফুটিয়ে তোলেন।’
হালকা রসিকতা করে সাইফ বলেন, ‘আমার মনে আছে ওরা ইমরান আর রণবীরসহ আরও কয়েকজনকে জিজ্ঞেস করেছিল। পরে আমি বলেছিলাম—ঠিক আছে, চলো আমিই এটা করব। আমি কাজটা করে দারুণ মজা পেয়েছিলাম। আমার মনে হয়, আমি ছবিটা করায় ওদের সবার এখন আমার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত।’
‘ককটেল’ ছবির মাধ্যমে পরিচালক হোমি আদাজানিয়ার সঙ্গে সাইফের দারুণ রসায়ন তৈরি হয়। এর আগে ২০০৫ সালে ‘বিইং সাইরাস’ নামের একটি ভিন্নধারার ছবিতেও তারা একসঙ্গে কাজ করেছিলেন।
আরও পড়ুন : ইরানে সংগীতশিল্পী পারাস্তু আহমাদিকে ৭৪ দোররা মারার নির্দেশ
ছবিতে ‘গৌতম’ চরিত্রটি কিছুটা ত্রুটিপূর্ণ ও দ্বিধাদ্বন্দ্বে ভরা থাকলেও সাইফ তার নিখুঁত অভিনয়ের মাধ্যমে সেটিকে অনন্য উচ্চতায় নিয়ে যান, যা আজও সিনেমা প্রেমীদের মনে দাগ কেটে আছে।
উল্লেখ্য, শুক্রবার (১৯ জুন) মুক্তি পেয়েছে এই ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি ‘ককটেল ২’।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































