আফরা ইভনাথ খান ইকরা ও শবনম ফারিয়া। ছবি: সংগৃহীত
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় দেশের বিনোদন অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
ইকরার মৃত্যুর পর অভিনেতা জাহের আলভী এবং তার সহকর্মী ইফফাত আরা তিথির সম্পর্ক নিয়ে নেটিজেনদের মধ্যে নানা বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, আলভীর সঙ্গে তিথির কথিত বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে দাম্পত্য কলহ তৈরি হয়েছিল। অনেকের মতে, সে বিরোধ থেকেই এ মর্মান্তিক ঘটনার সূত্রপাত। ঘটনাটি নিয়ে শোবিজ অঙ্গনের একটি অংশ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে ইকরার মৃত্যু ঘিরে যখন দেশজুড়ে আলোচনা-সমালোচনা চলছে, তখন সামাজিক মাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। আত্মহত্যার ঘটনাকে ঘিরে সমাজের দ্বিমুখী আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
বৃহস্পতিবার (০৫ মার্চ) সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে শবনম ফারিয়া লিখেছেন, কেউ আত্মহত্যা করলে সবার খুব মায়া হয়। কিন্তু আত্মহত্যা না করে যদি কেউ ডিভোর্স নেয়, তখন তাকে খারাপ মেয়ে বা নষ্টা বলা হয়। এমনকি বলা হয়— বাচ্চার জন্যও বিয়ে টিকিয়ে রাখতে পারল না। কেউ কেউ আবার মন্তব্য করেন— বিয়ে টিকিয়ে রাখতে ছাড় দিতে হয়, এ যুগের মেয়েরা বেশি ফেমিনিজম শিখছে।
আরও পড়ুন <<>> রমজানে একাধিক চ্যানেলে হাসিনা আনছারের রান্না
পোস্টে তিনি আরও বলেন, ডিভোর্সের পর কেউ আবার বিয়ে করলে তখনও নানা ধরনের মন্তব্য করা হয়। কেউ বলেন— কত নম্বর বিয়ে, এটি কতদিন টিকবে দেখা যাবে। আবার কেউ বলেন— এত ঢং করে জামাই নিয়ে কথা বলার দরকার নেই, এটিও টিকবে না।
এ পোস্টের মাধ্যমে সমাজে নারীদের প্রতি প্রচলিত এমন দৃষ্টিভঙ্গি নিয়েই প্রশ্ন তুলেছেন শবনম ফারিয়া।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































