Apan Desh | আপন দেশ

রফতানিতে সুখবর, দুই মাসে আয় সাড়ে ৭ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৪৫, ৭ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৫:০৩, ৭ সেপ্টেম্বর ২০২৬

রফতানিতে সুখবর, দুই মাসে আয় সাড়ে ৭ বিলিয়ন ডলার

ছবি: আপন দেশ

হচ্ছে না নতুন বিনিয়োগ, জ্বালানি সংকটে উৎপাদনে থাকা কারখানাগুলোরও বেহাল দশা। এমন সময়ই সুখবর এলো দেশের রফতানি খাতে। 

রফতানি উন্নয়ন ব্যুরো, ইপিবির তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে রফতানি আয় এসেছে সাড়ে ৭ বিলিয়ন ডলার; যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৫ দশমিক ১২ শতাংশ বেশি। 

আয়ের প্রায় পুরোটাই এসেছে তৈরি পোশাক খাত থেকে। জুলাইয়ে এ খাত থেকে রফতানি কিছুটা কমলেও আগস্টে বেড়েছে প্রায় ১৪ শতাংশ।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল গণমাধ্যমকে বলেন, জ্বালানি ছাড়া কোনো শিল্পই ভালোভাবে পরিচালনা করা সম্ভব নয়। বিশেষ করে পোশাকশিল্পের জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

তার মতে, এমন একটি ব্যবস্থা তৈরি করা দরকার, যাতে শিল্পমালিকরা আগাম পরিকল্পনা করতে পারেন এবং অন্তত ন্যূনতম উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেন।

অর্থনীতিবিদদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বাড়তি শুল্কনীতির কারণে রফতানিতে যে মন্দাভাব তৈরি হয়েছিল, মার্কিন বাজারে তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। 

আরও পড়ুন : কোম্পানি আইনে শেয়ার বাইব্যাকের সুযোগ চায় বিএসইসি

তবে দেশের অর্থনীতিকে টেকসই করতে একটি মাত্র খাতের ওপর নির্ভরতা কমিয়ে রফতানি পণ্যে বৈচিত্র্য আনার পরামর্শ দিয়েছেন তারা।

অর্থনীতিবিদ মাশরুর রিয়াজ গণমাধ্যমকে বলেন, বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর অতিরিক্ত শুল্ক কত থাকবে, তা নিয়ে একসময় অনিশ্চয়তা ছিল। 

এই অনিশ্চয়তার কারণে বাংলাদেশ থেকে পণ্য আমদানি ব্যয়বহুল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল এবং তৈরি পোশাকের কিছু ক্রয়াদেশ কমে গিয়েছিল।

তবে এখন আগের তুলনায় পরিস্থিতিতে কিছুটা নিশ্চয়তা এসেছে বলে মনে করেন তিনি। 

তার মতে, মার্কিন পারস্পরিক শুল্ক ব্যবস্থা আর নেই। অন্যান্য শুল্ক থাকলেও সেগুলোর হার সম্পর্কে এখন তুলনামূলকভাবে স্পষ্টতা রয়েছে।

অর্থনীতিবিদরা বলছেন, চলতি অর্থবছরের শুরুটা রফতানি খাতের জন্য ইতিবাচক হলেও সামনে আরও চ্যালেঞ্জ রয়েছে। বৈশ্বিক উচ্চ মূল্যস্ফীতি ও ভূরাজনৈতিক সংকট আগামী মাসগুলোতে দেশের রফতানি খাতে চাপ তৈরি করতে পারে।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়