ছবি : আপন দেশ
শেয়ার বাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসি পরিচালকের সংখ্যা বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার করেছে।
ফলে আগামী ৪ অক্টোবর অনুষ্ঠেয় বিশেষ সাধারণ সভায় (ইজিএম) ব্যাংকটির পরিচালকের সর্বোচ্চ সংখ্যা ৮ জন থেকে বাড়িয়ে ১০ জন করার প্রস্তাবটি উপস্থাপন করা হবে না।
মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ তথ্য জানিয়েছে সিটি ব্যাংক কর্তৃপক্ষ।
সিটি ব্যাংক জানায়, সোমবার (২৪ আগস্ট) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ইজিএমে উপস্থাপনের জন্য নির্ধারিত প্রস্তাবগুলো পুনর্বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়।
ব্যাংকটির দেয়া তথ্যানুযায়ী, গত ১৩ আগস্ট অনুমোদিত প্রস্তাবগুলো নিয়ে আইনগত, নিয়ন্ত্রক, সুশাসন, শেয়ারহোল্ডার ও চুক্তিগত বিভিন্ন বিষয় পর্যালোচনার পর পরিচালনা পর্ষদ পরিচালকের সংখ্যা বাড়ানোর প্রস্তাবটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।
এর ফলে স্বতন্ত্র পরিচালক বাদে ব্যাংকের পরিচালকের সর্বোচ্চ সংখ্যা ৮ জন থেকে বাড়িয়ে ১০ জন করার প্রস্তাবটি ইজিএমের আলোচ্যসূচিতে থাকছে না। প্রস্তাবটি ভবিষ্যতে উপযুক্ত সময়ে পুনর্বিবেচনার জন্য রাখা হয়েছে।
তবে ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার কোটি টাকা করার প্রস্তাব ইজিএমে বহাল থাকছে।
প্রস্তাব অনুযায়ী, ৩ হাজার কোটি টাকার অনুমোদিত মূলধন ১০ টাকা অভিহিত মূল্যের ৩০০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত হবে।
এ জন্য ব্যাংকের মেমোরেন্ডাম ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট ধারায় প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাবও শেয়ারহোল্ডারদের বিবেচনার জন্য রাখা হয়েছে। এসব প্রস্তাব কার্যকর করতে প্রযোজ্য শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক ও আইনগত অনুমোদন প্রয়োজন হবে।
আরও পড়ুন: শেয়ার বাজারে দরপতন ঠেকাতে মতিঝিলে বিক্ষোভের ডাক
ব্যাংক জানিয়েছে, ইজিএমের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৬ সেপ্টেম্বর। ৪ অক্টোবর বিশেষ সাধারণ সভাটি অনুষ্ঠিত হবে।
আপন দেশ/মিম/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































