ছবি : আপন দেশ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৃথক নৌকা বাইচ আয়োজন নিয়ে বিএনপি ও জামায়াতের দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। এর ফলে উপজেলা প্রশাসন প্রতিযোগিতা বন্ধ ঘোষণা করে ঘাট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।
স্থানীয়দের তথ্যমতে, উপজেলা জামায়াতে ইসলামী ৪-৫ সেপ্টেম্বর এবং বিএনপি ৭-৯ সেপ্টেম্বর করতোয়া নদীর কালিগঞ্জ ঘাটে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে।
উভয় পক্ষই প্রতিযোগিতায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রধান অতিথি এবং স্থানীয় সংসদ সদস্য জামায়াত নেতা রফিকুল ইসলামকে বিশেষ অতিথি হিসেবে দাওয়াত করে।
বিএনপি আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতার আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য সেলিম রেজা বলেন, বিএনপির পক্ষ থেকে ৭-৯ সেপ্টেম্বর কালিগঞ্জ ঘাটে ১৭তম নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।
আরও পড়ুন: রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল স্বাভাবিক
হঠাৎ করে জামায়াত নেতা জহুরুল ইসলাম পেনু আমাদের মঞ্চের পাশে মঞ্চ তৈরি করে একই ঘাটে ৪-৫ সেপ্টেম্বর নৌকা বাইচ প্রতিযোগিতার প্রস্তুতি শুরু করেন। উভয় পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ায় প্রশাসন প্রতিযোগিতা বন্ধের ঘোষণা দিয়ে ঘাট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।
তিনি আরও বলেন, এ প্রতিযোগিতা আমাদের এলাকার ঐতিহ্য। এটা বন্ধ হতে দেয়া ঠিক হবে না। আমরা সবাই মিলেমিশে প্রতিযোগিতার আয়োজন করার চেষ্টা করছি।
জামায়াত আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও পঞ্চকোশী ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পেনু বলেন, আমরা ৪-৫ সেপ্টেম্বর নৌকা বাইচ প্রতিযোগিতা করার প্রস্তুতি শুরু করেছিলাম। জ্বালানিমন্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি হয়ত প্রতিযোগিতায় উপস্থিত হতে পারবেন না। বিষয়টি বুঝতে পেরে আমাদের প্রতিযোগিতা বন্ধের জন্য বিএনপির পক্ষ থেকে প্রশাসনের কাছে অভিযোগ করা হয়েছে। যে কারণে জামায়াতের পক্ষ থেকেও প্রশাসনে অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে জানতে উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার রায়হানুল ইসলামকে মোবাইল ফোনে একাধিকবার কল দিয়ে এবং খুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, নৌকা বাইচ প্রতিযোগিতার বিষয়ে দুইটি পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন ওই এলাকায় ১৪৪ ধারা করেছেন। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, বিএনপি ও জামায়াত একই স্থানে পৃথক নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করেছিল। কোনো পক্ষ প্রশাসনের অনুমতি নেয়নি। উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দেয়ায় থানা পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কার কথা জানানো হয়েছে। যে কারণে উপজেলা প্রশাসন প্রতিযোগিতা বন্ধ ঘোষণা করে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ৪ সেপ্টেম্বর থেকে কালিগঞ্জ নৌকা ঘাট এলাকায় ১৪৪ ধারা জারি করেছেন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































