Apan Desh | আপন দেশ

কুকুর হত্যা মামলায় দু’জনের গ্রেফতারি পরোয়ানা

পটুয়াখালী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:০৯, ২৬ জুলাই ২০২৬

কুকুর হত্যা মামলায় দু’জনের গ্রেফতারি পরোয়ানা

ফাইল ছবি

পটুয়াখালীর সদর উপজেলায় দু’টি পোষা কুকুরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলার পর অভিযুক্ত দু’জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রোববার (২৬ জুলাই) দুপুরে পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিউর রহমান।

মামলায় উপজেলার দক্ষিণ বাদুরা গ্রামের মঞ্জু হাওলাদার (৫০) ও জহির হাওলাদারকে (৪৫) আসামি করা হয়েছে।

মামলাটি আমলে নিয়ে পটুয়াখালীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক আবু বকর সিদ্দিক অভিযুক্ত দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বাদীপক্ষের আইনজীবী মো. ইমরান এসব তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহারের বরাতে তিনি বলেন, গত ২৩ জুলাই সকালে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের দক্ষিণ বাদুরা খেজুরতলা স্ট্যান্ড এলাকায় দুইটি কুকুরকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা প্রশাসনের নজরে আসে। এরপর ঘটনাটি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিউর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে আমি ঘটনাটি সম্পর্কে জানতে পারি। পরে বিষয়টি যাচাই করে প্রাণীর প্রতি নিষ্ঠুরতার অভিযোগে মামলা করা হয়।

আরও পড়ুন <<>> মানিকগঞ্জে বাক-প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ

তিনি বলেন, প্রাণির প্রতি নিষ্ঠুরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনায় আইনের বিধান অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের পর জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ওই কুকুর দু’টি স্থানীয় চায়ের দোকানি জাহাঙ্গীর প্যাদারের ছিল।

তিনি বলেন, সম্প্রতি স্থানীয় মঞ্জু হাওলাদারের ছয়টি হাঁসকে কয়েকটি বেওয়ারিশ কুকুর কামড়ে দেয়। এরপর তিনি কুকুর দুটির বিরুদ্ধে অভিযোগ তুলে আমার কাছে তিন হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে কুকুর দুটিকে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়।

জাহাঙ্গীর প্যাদা বলেন, প্রায় চার বছর ধরে কুকুর দুইটি লালন-পালন ও দেখাশোনা করছি। নিয়মিত টিকাও দেয়া হতো। মঞ্জু হাওলাদার ও তার চাচাতো ভাই জহির হাওলাদার আমার সামনেই কুকুর দুটিকে পিটিয়ে হত্যা করেছেন। যেদিন মনজুর হাঁসের ওপর হামলার ঘটনা ঘটে, সেদিন কুকুর দুইটি আমার বাড়িতেই ছিল। বিষয়টি তাকে জানানো হলেও তিনি তা আমলে নেননি।

অভিযোগের বিষয়ে জানতে মঞ্জু হাওলাদারকে ফোন করা হলে সাংবাদিক পরিচয় শুনে তিনি কল কেটে দেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়