Apan Desh | আপন দেশ

৭ হাজার লিটার পেট্রোলসহ লরি জব্দ, আটক ৫

সাতক্ষীরা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৫৬, ৩০ মার্চ ২০২৬

আপডেট: ২২:১২, ৩০ মার্চ ২০২৬

৭ হাজার লিটার পেট্রোলসহ লরি জব্দ, আটক ৫

ছবি: আপন দেশ

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি পরিবহনের সময় ৭ হাজার লিটার পেট্রোলসহ যমুনা পেট্রোলিয়ামের লোগোযুক্ত একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালকসহ চার ডিলারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সোমবার (৩০ মার্চ) ভোররাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ পাওয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার গাভা এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়।

আটক চালকের নাম মো. রিপন শেখ (৩৮)। তিনি খুলনার খালিশপুর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাভা এলাকায় ভোররাতে একটি লরি সন্দেহজনকভাবে অবস্থান করছিল। বিষয়টি নজরে আসলে স্থানীয়রা ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে সদর থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লরিটির কাগজপত্র যাচাই করতে চাইলে চালক তা দেখাতে ব্যর্থ হন। পরে অবৈধভাবে জ্বালানি পরিবহনের অভিযোগে লরিটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয় এবং চালককে আটক করা হয়। 

আরও পড়ুন<<>>মাদক নিয়ে দ্বন্দ্বে খুন, গ্রেফতার ৮

পরে সোমবার বিকেলে জব্দ করা পেট্রোলের দাবিদার চার ডিলারকে জেলা প্রশাসকের কার্যালয়ে নেয়া হয়। তারা হলেন- মেসার্স ভাই ভাই স্টোরের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম, মেসার্স আলেয়া অয়েল সাপ্লাইয়ের মো. ইউনুস আলী মৃধা, মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজের ইউসুফ আলী এবং মেসার্স এম এ জলিল এন্টারপ্রাইজের মো. জলিল।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস জানান, যমুনা পেট্রোলিয়াম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে, ওই পেট্রোল তাদের সরবরাহকৃত নয়। এ কারণে দাবিদার চার ডিলারকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ওসি মো. মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত লরি পুলিশের হেফাজতে রয়েছে এবং আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়