বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে মোট ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আটককৃত ব্যক্তির নাম বছির আহম্মেদ (৫০)। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ৯ নম্বর এফডিএমএন ক্যাম্পে বসবাসরত মিয়ানমারের নাগরিক এবং আবু সিদ্দিকের ছেলে। বিজিবি সূত্র জানায়, কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীন ঘুমধুম বিওপির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার-৩১ থেকে আনুমানিক ১ দশমিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাঁকড়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৮০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ তাকে আটক করা হয়।
এর আগে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে একই ব্যাটালিয়নের সদস্যরা আরেকটি পৃথক অভিযান পরিচালনা করেন। সীমান্ত পিলার-৩৬ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঁশঝাড় এলাকায় মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা আরও ২ লাখ ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
আরও পড়ুন <<>> দলমতের ঊর্ধ্বে সব হতদরিদ্র পাবে ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণমন্ত্রী
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। দেশের সীমান্ত এলাকায় মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































