ছবি : নাসা
চাঁদের পথে এগিয়ে যেতে যেতে মহাকাশ থেকে পৃথিবীর মনোমুগ্ধকর ছবি পাঠিয়েছেন আর্টেমিস-২ মিশনের নভোচারীরা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, চার নভোচারী ইতোমধ্যে পৃথিবী ও চাঁদের মাঝামাঝি পথ অতিক্রম করেছেন। এখন তারা নির্ধারিত লুনার ফ্লাইবাইয়ের দিকে এগোচ্ছেন।
সংস্থাটির তথ্য অনুযায়ী, নভোচারীদের বহনকারী অরিওন স্পেসক্রাফট বর্তমানে পৃথিবী থেকে প্রায় ১ লাখ ৩৬ হাজার মাইল দূরে অবস্থান করছে।
এ যাত্রাপথেই মহাকাশ থেকে তোলা হাই-রেজল্যুশনের ছবি প্রকাশ করেছে নাসা। ছবিগুলো তুলেছেন মিশনের কমান্ডার রিড ওয়াইজম্যান।
প্রথম ছবিটির নাম দেয়া হয়েছে ‘হ্যালো ওয়ার্ল্ড’। এতে দেখা যায় নীলাভ আটলান্টিক মহাসাগর। সূর্যের আলো আংশিক ঢাকা থাকায় পৃথিবীর বায়ুমণ্ডলের একটি উজ্জ্বল রেখা স্পষ্ট হয়ে উঠেছে। একই সঙ্গে দুই মেরু অঞ্চলে দেখা গেছে সবুজ আভাযুক্ত মেরুজ্যোতি।
ছবিতে পৃথিবীকে কিছুটা উল্টোভাবে দেখা গেছে। বাম পাশে পশ্চিম সাহারা মরুভূমি ও আইবেরীয় উপদ্বীপ, আর ডান পাশে দক্ষিণ আমেরিকার পূর্বাংশ দৃশ্যমান। নিচের দিকে উজ্জ্বল একটি বিন্দু হিসেবে দেখা গেছে শুক্র গ্রহ।
আরও পড়ুন <<>> আর্টেমিস-২ উৎক্ষেপণ : ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ
বুধবার (০১ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে শক্তিশালী এসএলএস রকেটের মাধ্যমে মহাকাশে যাত্রা শুরু করে আর্টেমিস-২। অ্যাপোলো মিশনের পর এ প্রথম কোনো মানববাহী মহাকাশযান চাঁদের উদ্দেশে যাত্রা করেছে।
শুক্রবার (০৩ এপ্রিল) ভোরে ‘ট্রান্স-লুনার ইনজেকশন বার্ন’ সফলভাবে সম্পন্ন হওয়ার পরই এ ছবিগুলো তোলা হয়। এর মাধ্যমে মহাকাশযানটি পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের পথে এগিয়ে যায়।
মিশনটি এখন একটি লুপ আকৃতির পথে চলছে। এতে নভোচারীরা চাঁদের অপর প্রান্ত ঘুরে আবার পৃথিবীতে ফিরে আসবেন। সব ঠিক থাকলে ৬ এপ্রিল তারা চাঁদের দূরবর্তী অংশ অতিক্রম করবেন এবং ১০ এপ্রিল পৃথিবীতে ফিরবেন।
মিশন স্পেশালিস্ট জেরেমি হ্যানসেন জানান, ইঞ্জিন বার্নের পর নভোচারীরা জানালার পাশে দাঁড়িয়ে একের পর এক ছবি তুলছিলেন। তারা পৃথিবীর অন্ধকার অংশে চাঁদের আলোয় আলোকিত এক ভিন্ন সৌন্দর্য প্রত্যক্ষ করেন।
পরবর্তীতে আরেকটি ছবিতে পৃথিবীর দিন ও রাতের বিভাজনরেখা দেখা যায়, যাকে ‘টার্মিনেটর’ বলা হয়। আরও একটি ছবিতে অন্ধকারে পৃথিবীর বুকে মানুষের তৈরি আলোর ঝিলিক ধরা পড়ে।
নাসা ১৯৭২ সালের অ্যাপোলো-১৭ মিশনের তোলা ছবির সঙ্গে নতুন ছবির তুলনাও প্রকাশ করেছে। সংস্থাটি জানায়, এত বছর পরও মহাকাশ থেকে পৃথিবীর সৌন্দর্য অপরিবর্তিত রয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































