Apan Desh | আপন দেশ

চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না: সমাজকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৫৯, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না: সমাজকল্যাণ মন্ত্রী

ছবি: আপন দেশ

চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, আমাদের অন গোয়িং যে প্রকল্প চলছে তা চলতে থাকবে, কোনোটাই বন্ধ হবে না।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম অবহিতকরণ সভায় মন্ত্রী এ কথা জানান। এসময় সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, আমাদের রুলস হলো মানুষের সেবা করা। আমরা প্রস্তুতি নিয়েই এসেছি যাতে অল্প সময়ে অনিয়ম দূর করে আপনাদের সহযোগিতায় এ দেশকে এগিয়ে নিয়ে যাবো। 

আরও পড়ুন<<>>৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

এ জেড এম জাহিদ হোসেন বলেন, আমরা নির্বাচনের ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ নিয়েছি। ঈদের আগে প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। আমাদের যে দায়িত্ব আছে তা যথাযথভাবে পালন করবো। 

মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, দেশের দুই-তৃতীয়াংশ জনগোষ্ঠীর উন্নয়নের জন্য সঠিক ও কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে হবে। উন্নয়ন প্রকল্পগুলো কার্যক্রম শুধু কাগজে কলমে সীমাবদ্ধ না থেকে বাস্তবিক অর্থে যাতে জনগণের কাজে লাগে এমনভাবে বাস্তবায়ন করতে হবে।  

তিনি বলেন, আমাদের সময় কম। এ অল্প সময়ে আমাদের অনেক কাজ করতে হবে। আমাদের যে বাজেট আছে এ বাজেটের মধ্যে দিয়েই ওয়েল ডেভেলপমেন্ট করতে হবে। সীমিত সম্পদের উপযুক্ত ব্যবহারের মাধ্যমে পশ্চাৎপদ জনগোষ্ঠীর উন্নয়নে তাদের ভবিষ্যৎ জীবন আমরা কীভাবে গড়ে দিতে পারি সে বিষয়ে পরিকল্পনামাফিক কাজ করতে হবে। সম্পদের যেন উপযুক্ত ব্যবহার নিশ্চিত করা যায়। সম্পদের অপচয় যেন না হয় সেদিকে খেয়াল রেখে মানুষের সঠিক সমস্যাকে চিহ্নিত করার মাধ্যমে সেটির সমাধান নিশ্চিত করতে হবে। মানুষের আস্থা অর্জনে কাজ করতে হবে। 

তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের সার্বিক উন্নয়নে আমরা অনেক কাজ একসঙ্গে না নিয়ে যদি দশটি কাজ নেই এবং তা সফল বাস্তবায়ন করতে পারি তাহলে সেটিই হবে সত্যিকার অর্থে মন্ত্রণালয়ের সাফল্য। তিনি সবার সম্মিলিত প্রচেষ্টায় সমাজকল্যাণ মন্ত্রণালয়কে একটি কার্যকর মন্ত্রণালয় হিসেবে প্রতিষ্ঠা করার মাধ্যমে দেশের দরিদ্র জনগোষ্ঠীর সেবামূলক কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

সভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়