Apan Desh | আপন দেশ

মাইক্রোসফটসহ ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড স্থগিত করল ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৪:২০, ৯ অক্টোবর ২০২৬

মাইক্রোসফটসহ ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড স্থগিত করল ট্রাম্প প্রশাসন

ছবি: আপন দেশ

একদিকে বিশ্বজুড়ে দক্ষ প্রযুক্তিকর্মীদের আকৃষ্ট করতে প্রতিযোগিতা, অন্যদিকে অভিবাসন নীতিতে আরও কঠোর অবস্থান। যুক্তরাষ্ট্রে এবার মাইক্রোসফটসহ আটটি প্রতিষ্ঠানের গ্রিন কার্ড প্রক্রিয়া স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। 

এতে এসব প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি পেশাজীবীদের স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা অনিশ্চয়তার মুখে পড়েছে। একই সঙ্গে দেশটির শীর্ষ নয়টি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) নেয়া এ পদক্ষেপের মাধ্যমে বিদেশি কর্মীদের অভিবাসন কর্মসূচি এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি বাড়াল ট্রাম্প প্রশাসন। 

প্রশাসনের দাবি, এসব উদ্যোগের লক্ষ্য ব্যবস্থার অপব্যবহার ঠেকানো এবং মার্কিন নাগরিকদের কর্মসংস্থান সুরক্ষিত রাখা।

ক্ষমতায় আসার পর থেকেই যুক্তরাষ্ট্রে বিদেশে জন্ম নেয়া মানুষের সংখ্যা কমানো এবং দেশটিতে স্থায়ী বসবাস ও নাগরিকত্ব পাওয়ার পথ সীমিত করার উদ্যোগ নিয়ে আসছেন ট্রাম্প। 

এবারের পদক্ষেপ দক্ষ বিদেশি কর্মীদের স্থায়ী বসবাসের সুযোগে বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে প্রযুক্তি খাতে কর্মরত বিদেশিদের জন্য গ্রিন কার্ড পাওয়ার প্রচলিত পথ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুন <> মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

মাইক্রোসফটের বিরুদ্ধে অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, দুর্ভাগ্যজনকভাবে, যুক্তরাষ্ট্রে কোনো প্রতিষ্ঠানই মাইক্রোসফটের চেয়ে বেশি এই ব্যবস্থার অপব্যবহার করেনি।

ভ্যান্সের দাবি, গত বছর মাইক্রোসফট যুক্তরাষ্ট্রের ছয় হাজার কর্মীকে ছাঁটাই করেছে। একই সময়ে প্রতিষ্ঠানটি এইচ-১বি অস্থায়ী কর্মী ভিসার আওতায় ছয় হাজার ৩০০ কর্মী নিয়োগের সুযোগ পেয়েছে এবং প্রায় তিন হাজার গ্রিন কার্ডের সুবিধা নিয়েছে।

তবে ভ্যান্সের এ বক্তব্যের বিষয়ে মাইক্রোসফটের প্রতিক্রিয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

ভ্যান্সের বক্তব্যের কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্রের জন্য অবদান রাখায় প্রযুক্তি খাতের কয়েকজন ধনকুবেরকে সম্মানিত করেন ট্রাম্প। তাদের মধ্যে ছিলেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা। একসময় এইচ-১বি ভিসায় যুক্তরাষ্ট্রে ছিলেন নাদেলা। 

একই ধরনের ভিসা নিয়ে দেশটিতে এসেছিলেন সম্মাননা পাওয়া আরেক প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কও। 

সম্মানিত অন্য তিন প্রধান নির্বাহী কর্মকর্তারও জন্ম যুক্তরাষ্ট্রের বাইরে।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়